ছেলেকে দেখে আনন্দে বাকরুদ্ধ ক্যাপ্টেন তৌহিদুলের মা

আপডেট : ১৫ মে ২০২৪, ১০:৪৬ পিএম

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি অবস্থা থেকে ফিরে আসার পর বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর দ্বিতীয় প্রকৌশলী ক্যাপ্টেন তৌফিকুলকে দেখে আনন্দে বাকরুদ্ধ হয়ে পড়েন তার বৃদ্ধা মা দিল আফরোজ। খুশিতে তিনি যেন কথা বলতেই ভুলে গিয়েছিলেন।

আজ বুধবার সকাল ৯টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা করিমনগরের বাসায় ফেরেন ক্যাপটেন তৌফিকুল ইসলাম। পৌঁছেই বৃদ্ধা মা দিল আফরোজ, বাবা মো. ইকবাল হোসেন এবং তার দুই শিশু সন্তান তাসফিয়া তাহসিনা (৭) ও আহমেদ রুসফিকে আবেগে বুকে জড়িয়ে ধরেন। বাবা, মা আর স্ত্রী-সন্তানকে কাছে পেয়ে দীর্ঘ এক অপেক্ষার অবসান ঘটে। এরপর থেকেই তৌফিকুল ইসলামের বাড়িতে আনন্দের বন্যা বইছে।

অশ্রুসিক্ত কণ্ঠে তৌফিকুলের মা দিল আফরোজ বলেন, জিম্মি অবস্থা থেকে ছেলে ফিরে আসার খবর ভাষায় প্রকাশ করা যাবে না-সে অন্য রকম অনুভূতি। দীর্ঘ এক মাসের বেশি সময় ছেলেসহ নাবিকরা জিম্মি থাকায় অন্য রকম চিন্তা ছিল, কী হয়, না হয়। সেটা এখন বলা যাবে না কী পরিস্থিতিতে ছিলাম। এখন ছেলে ফিরে এসেছে-তার জন্য আল্লাহর নিকট হাজারো শুকরিয়া জানাই।

কাপ্টেন তৌফিকের পিতা মো. ইকবাল হোসেন ছেলে ফিরে আসার অনুভূতি ব্যক্ত করে বলেন, ছেলের মৃত্যুর হাত থেকে বেঁচে আসাটা ঈদের আনন্দ থেকেও অনেক খুশির। যেদিন জিম্মি দশায় তারা আটক হলো, সেদিন থেকে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত রাস্তাঘাটে, সব জায়গায় অকাতরে চোখের পানি ফেলেছি। সব সময় দোয়া করেছি। শুধু আমার ছেলের জন্য নয়। জিম্মি সব নাবিকের জন্যই দোয়া করেছি। সব নাবিকই আমাদের দেশের সম্পদ। যেদিন শুনলাম তারা মুক্তি পেয়েছে—সেদিন থেকেই আমাদের সব পেরেশানি দূর হয়ে গেছে। তখন আশা করেছি, কীভাবে তারা সুস্থভাবে দেশে ফেরে। তবে আল্লাহর রহমত কালকে (মঙ্গলবার) যখন চিটাগাং বন্দরের অবস্থা দেখলাম, তখন খুব খুশি লাগল। আজকে (বুধবার) খুশিটা আরো অনেক বেশি। সকল নাবিককে সুস্থভাবে ফেরত আনার জন্য সরকার, কোম্পানিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের অশেষ ধন্যবাদ।

ক্যাপ্টেন তৌফিকুল ইসলাম বলেন, দীর্ঘ দুই মাস পর বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে। জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে এখন মাথা থেকে চাপ অনেকটাই দূর হয়ে গেছে।

উল্লেখ্য, মোজাম্বিক থেকে ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিককের সবাইকে জিম্মি করে। দস্যুরা জাহাজটি অস্ত্রের মুখে সোমালিয়া উপকূলে নিয়ে যায়। দীর্ঘ ৩৩ দিন পর গত ১৪ এপ্রিল সোমালি দস্যুরা জাহাজসহ ২৩ নাবিককে মুক্তি দেয়। এরপর জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা দিয়ে ২১ এপ্রিল ওই বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। গত ১১ মে দেশের জলসীমায় পৌঁছে জাহাজটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত