গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

  • দীর্ঘস্থায়ী ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত বলছে হামাস
  • ইসরায়েলের স্থল আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় হামাসের
আপডেট : ১৮ মে ২০২৪, ০১:০৫ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় এ তথ্য জানান হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা। খবর আল জাজিরা।

ভিডিওতে তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী এবং এর রূপ যা-ই হোক না কেন, ফিলিস্তিনিরা রাফাহ এবং গাজার অন্যান্য স্থানে স্থল আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

তিনি বলেন, "আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার সম্পূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে আমরা শত্রুর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা তাদের একটি জলাভূমিতে টেনে নিয়ে যাচ্ছি যেখানে তারা তাদের সৈন্যদের মৃত্যু এবং তাদের কর্মকর্তাদের বন্দী অবস্থায় ছাড়া আর কিছুই পাবে না।“

আবু ওবাইদা আরও বলেন, ‘আমরা মহান শক্তি এই এ জন্য আমরা লড়াই করছি না। আমাদের এই লড়াই এর কারণ আমরা এই জমির মানুষ এবং আসল মালিক।‘

হামাসের পক্ষ থেকে তিনি জানান, তারা ইসরায়েলি ট্যাংক, বুলডোজারসহ ১০০টিরও বেশি ইসরায়েলি সাঁজোয়া যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি টানেল উড়িয়ে, স্নাইপিং (দূর থেকে গুলি চালিয়ে), রকেট ও মর্টার হামলা চালিয়ে এবং মুখোমুখি যুদ্ধের মাধ্যমে ইসরায়েলি সেনাদের হতাহত করেছে।

এদিকে আল জাজিরা বলছে, জাবালিয়া, উত্তর গাজা এবং দক্ষিণ রাফাহ শহরে ইসরায়েলি সৈন্যদের সাথে ভয়াবহ যুদ্ধ হচ্ছে হামাস যোদ্ধাদের।

উত্তর গাজার জাবালিয়ায় চলমান সংঘর্ষকে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। কারণ হামাসের যোদ্ধারা এ অঞ্চলটিতে সবচেয়ে বেশি আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনীর ওপর।

শুক্রবার, হামাসের যোদ্ধারা জাবালিয়াতে ইসরায়েলি সৈন্যদের উপর ২২ বার হামলা চালায়। হামাস বলছে, তাদের আক্রমণের ফলে ইসরায়েলি বাহিনী জাবালিয়া এলাকায় তাদের সরবরাহ লাইন "একাধিকবার" পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতেও হামাসের সাথে মুখোমুখি যুদ্ধ চলছে ইসরায়েলি বাহিনীর।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত