উন্নত বিশ্বের দেশ কানাডার বেশ কয়েকটি প্রদেশে বেওয়ারিশ লাশের সংখ্যা বাড়ছে। এর পেছনে অন্যতম কারণ লাশ দাফনে লাগামহীন খরচ। খরচের এই চাপ সামাল দিতে না পেরে প্রিয়জনের লাশ দাবি করছেন না বা লাশ নিতে অনীহা প্রকাশ করছেন অনেক মানুষ।
শনিবার (১৮ মে) রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, বিগত কয়েক বছরে কানাডার কিছু প্রদেশ বেওয়ারিশ লাশের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। মৃত ব্যক্তির আত্মীয়রা দাফনের খরচের কারণে লাশ সংগ্রহ না করায় এমনটা হয়েছে।
লাশ দাফন সংক্রান্ত ব্যক্তিদের তথ্য অনুযায়ী, কানাডায় ১৯৯৮ সালে একটি লাশ দাফন করতে ৬ হাজার মার্কিন ডলার খরত হতো। তবে তা এখন বেড়ে প্রায় ৯ হাজার ডলার হয়েছে। এত খরচের কারণে অনেকেই তাদের প্রিয়জনের লাশ নিতে নারাজ। এমনকি এই বেওয়ালিশ লাশের সংখ্যা বৃদ্ধির জেরে একটি প্রদেশ বাধ্য হয়ে নতুন লাশ স্টোরেজ কেন্দ্র নির্মাণ করছে। এ ছাড়া লাশ দাফনে দেশজুড়ে অর্থ জোগাড়কারী প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে।
কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিওতে ২০১৩ সালে বেওয়ারিশ লাশের সংখ্যা ছিল ২৪২টি। আর মাত্র ১০ বছরের ব্যবধানে ২০২৩ সালে এসে এই সংখ্যাটা এক হাজার ১৮৩ জনে পৌঁছেছে। এমন চিত্র আরও অনেক প্রদেশে।
কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের প্রেস সচিব ক্যাথরিন কাপলিনস্কাস এক ইমেল বার্তায় বলেছেন, জীবনসঙ্গী হারানো একজন বয়স্ক মানুষের ক্ষেত্রে ভয়াবহ বিষয়। সারাজীবনের কঠোর পরিশ্রমের পর এটি বিশাল আর্থিক বোঝাও হতে পারে। তাই মৃত্যু পরবর্তী সুবিধা দিতে আমরা কানাডা পেনশন ব্যবস্থা শক্তিশালী করছি।
