চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ব্যাগের ভেতর থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মৃত শিশুটির বয়স দুই মাস। শিশুটিকে শাটল ট্রেনের ২২০৪ নং বগিতে পাওয়া যায়। তবে কে বা কারা এই ব্যাগ নিয়ে ট্রেনে উঠেছে বা ব্যাগটি রেখে নেমে গেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। শুক্রবার (২৪ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে আসা রাত সাড়ে নয়টার শাটল ট্রেন থেকে মৃত শিশুটিকে পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, রাতের ট্রেনটি বটতলী স্টেশন পৌঁছালে বাচ্চাটিকে পাওয়া যায়। কে বা কারা ব্যাগটি ট্রেনে রেখেছে সে বিষয়ে জানা যায়নি। মৃতদেহটি চট্টগ্রাম রেলওয়ে থানায় নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, বিশ্ববিদ্যালয় শাটলের ২২০৪ নম্বর বগিতে মরদেহটি পাওয়া যায়। পরে চট্টগ্রাম রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তারা রেলওয়ের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মরদেহটি হস্তান্তর করে।
এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানা কর্তৃপক্ষ শাটল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, বটতলী স্টেশনে শাটল থেকে একটি মৃত দেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক দুই মাস হবে। মৃত দেহটি চট্টগ্রাম রেলওয়ে থানায় আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, শাটল ট্রেনে পাওয়া নবজাতকের লাশ বর্তমানে চট্টগ্রাম রেলওয়ের জিআরপিতে আছে। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
তবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বরাতে জানা যায়, রাত সাড়ে ৮ টায় বটতলী থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেন ৮টা ৪৫ মিনিটে ষোলশহর স্টেশন পৌঁছালে একজন পুরুষকে এমন সাদা রঙের ব্যাগ নিয়ে ট্রেনে উঠতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী বলেন, আমি বটতলী স্টেশন থেকে দরজায় বসে আসছিলাম, ষোলশহর স্টেশন আসলে আমি দাঁড়িয়ে যাই। তারপর ট্রেন যখন ছাড়বে তখন আমি বসে পড়ি কেউ ওঠার মতন ছিলো না, তখন হুট করে একজন একটা সাদা রঙের ব্যাগ নিয়ে ট্রেনে ওঠেন। ব্যাগটা বাচ্চাটিকে যেমন ব্যাগে পাওয়া গিয়েছে তেমন ছিলো আমার যতটুকু মনে পড়ে, আমি ওনাকে উঠতে পথ ছেড়ে দিই। পরে তিনি ট্রেনে উঠে ভেতরের দিকে চলে যান বলে জানান এই শিক্ষার্থী।
রাতেই আসতে পারে মহাবিপদ সংকেত
‘রবিবার সন্ধ্যায় আঘাত হানতে পারে রেমাল’
মেট্রোরেলের পিলারে ট্রাকের ধাক্কা