অবসরের ইঙ্গিত, প্যারিস অলিম্পিকে খেলতে চান নাদাল

আপডেট : ২৮ মে ২০২৪, ০১:১৫ পিএম

রাফায়েল নাদালের নামের পাশে আছে ১৪টি ফ্রেঞ্চ ওপেন। মোট ২২টি গ্র্যান্ড স্ল্যাম। কিংবদন্তি নাদাল ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডেই। এবারই প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে হারলেন।

ফ্রেঞ্চ ওপেনের এককে মোট ১১৬ ম্যাচে চতুর্থ হার দেখলেন নাদাল।

ইনজুরির কারণে চারটি গ্র্যান্ড স্ল্যাম মিস করা নাদাল এবারের আসরে র‌্যাঙ্কিংয়ে ২৭৬তম অবস্থানে থেকে অবাছাই হিসেবে ড্রয়ে প্রথম রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন চতুর্থ বাছাই আলেকজান্ডার ভেরেভকে।

সাধারণত হেরে যাওয়া খেলোয়াড়ের সাক্ষাৎকার নেওয়ার চল নেই ফ্রেঞ্চ ওপেনে। তবে নাদাল বলেই কি না ব্যতিক্রম হলো।

নাদাল বলেন, ‘আমি ঠিক জানি না এটাই শেষবারের মতো কি না। আমি শতভাগ নিশ্চিত নই। তবে যদি সেটাই হয় তাহলে আমি এই সময়টা উপভোগ করতে চাই। আজ কেমন লাগছে সেটি ভাষায় প্রকাশ করা কঠিন।’

আবার ফ্রান্সে ফেরার ইচ্ছের কথাও জানালেন নাদাল। তবে সেটি ফ্রেঞ্চ ওপেন নয় অলিম্পিকে। নাদাল বলেন, 'এটাই শেষ নয়। এখানে আবার হয়তো ফিরব দু'মাস পর। অলিম্পিক খেলতে চাই। ওটাই এখন আমার এক মাত্র অনুপ্রেরণা। তার পর জানি না। সে জন্য প্রস্তুতি নেব। সেরা টেনিস উপহার দিতে চাই আপনাদের।’

নাদাল কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবার আর কোচিং স্টাফের প্রতি। সেখানে ইঙ্গিত মেলে তার বিদায়ের, 'ওদের প্রতি আমি কৃতজ্ঞ। এত দিন ধরে আমার পাশে রয়েছে। সব রকম পরিস্থিতিতে আমাকে সমর্থন করেছে। ওদের ছাড়া এতটা পথ আসতেই পারতাম না। আমার সব সাফল্যের কৃতিত্ব ওদের প্রাপ্য। আমার টেনিসজীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ ওরা। ওদের জন্যও আরও এক বার এই কোর্টে ফিরতে চাই দুমাস পর। আমার এখন ২৮ বছর বয়স। দুঃখিত প্রায় ৩৮ হবে। আসলে বয়স হিসেবে ২৮টাই আমার পছন্দ।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত