গাজায় গণহত্যা বন্ধের আহ্বান ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার

আপডেট : ২৯ মে ২০২৪, ০৫:৫১ পিএম

গাজায় গতবছর অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে বিভিন্ন দেশ, সংগঠন এবং প্রভাবশালী ব্যক্তিরা। এবার সেই ধারাবাহিকতায় শামিল হলেন ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা। তিনি গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’ নিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির আহ্বান জানিয়েছেন। খবর মিডল ইস্ট আইয়ের।

ডুয়া লিপা তার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বলেন, "শিশুদের জীবিত পোড়ানো কখনোই ন্যায়সঙ্গত হতে পারে না", সপ্তাহান্তে দক্ষিণ গাজার রাফাহতে একটি শিবিরে ইসরায়েলি হামলার কথা উল্লেখ করেন ডুয়া লিপা; যে হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।

তিনি বলেন, "ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে পুরো বিশ্ব একত্রিত হচ্ছে। দয়া করে গাজার সাথে আপনার সংহতি দেখান"।

গত রোববার রাফায় একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হন। এই ঘটনায় বৈশ্বিক চাপের মধ্যেও গাজায় হামাস নির্মূলের নামে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। তেল আবিবের ওই হামলায় শতাধিক মানুষ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলেও তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে গত জানুয়ারিতেও যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন লিপা। কসোভো বংশোদ্ভুত লিপা লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন এবং ২০০৮ সালে কসোভো স্বাধীনতা লাভের পর তিনি তার নিজ দেশে চলে আসেন। 

তার নিজের দেশের যুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করে গত জানুয়ারিতে লিপা বলেছিলেন, কসোভোতে থাকার সময় যুদ্ধের ভয়াবহতা দেখে মনে হয়েছিল, কেউই আসলে তার নিজের বাড়ি ছেড়ে যেতে চায় না। তারা এটি করে সুরক্ষার জন্য, তাদের পরিবারকে বাঁচানোর জন্য, তাদের চারপাশের লোকদের দেখাশোনা করার জন্য এবং একটি সুরক্ষিত জীবনের জন্য। আমি এই পরিস্থিতির খুব কাছ দিয়ে গিয়েছি, তাই আমি এটি সহজে উপলব্ধি করতে পারি। 

প্রসঙ্গত, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাত মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের সামরিক অভিযানে মোট নিহতের সংখ্যা ৩৬ হাজার ৫০ জনে পৌঁছেছে। তাছাড়া যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৮১ হাজার ২৬ জন গাজাবাসী আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত