স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেট : ৩০ মে ২০২৪, ০৮:১৫ পিএম

চট্টগ্রামে যৌতুকের পাঁচ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আসামি হারুন অর রশিদকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মে) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নারগিস আক্তার এই রায় দেন। দণ্ডিত হারুন অর রশিদের বাড়ি নগরের হালিশহর থানাধীন সাইটপাড়ায়। রায়ের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন মহানগর আদালতের পিপি আবদুর রশিদ। 

আদালত সূত্র জানায়, রায় ঘোষণার সময় আসামি হারুন আদালতে হাজির ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার নথি থেকে জানা গেছে, সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ ছলিমপুর এলাকার মো. ইউনুচের মেয়ে এ্যানি আক্তার (২২)। ২০১৪ সালের ২৪ অক্টোবর সামাজিকভাবে নগরের উত্তর হালিশহর সাইটপাড়া এলাকার আবুল কালাম মিস্ত্রির ছেলে মো. হারুন অর রশিদ এর সঙ্গে বিয়ে হয়। 

এ সময় হারুন যৌতুক দাবি করায় নগদ ৭০ হাজার টাকা প্রদানের পাশাপাশি ফার্নিচার, আপ্যায়নসহ বিয়েতে মোট ৭ লাখ টাকা খরচ করেন ইউনুচ। এতসব করার পরও শ্বশুরের কাছে দামি ফ্রিজ দাবি করেন হারুন। ফ্রিজ দিতে না পারায় এ্যানিকে মানসিক নির্যাতন শুরু করেন হারুন। পরে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন হারুন। দাবি মোতাবেক ৫ লাখ টাকা দিতে না পারায় এ্যানিকে শারীরিক নির্যাতন চালান হারুন। 

এরই ধারাবাহিকতায় বিয়ের পর দেড় মাসের মাথায় ২০১৪ সালের ৮ ডিসেম্বর রাতে এ্যানি আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করে পরের দিন সকালে হৃদরোগে মারা গেছেন বলে প্রচার করেন হারুন ও তার মা-বাবা। 

এ ঘটনায় ২০১৪ সালের ৯ ডিসেম্বর নগরের হালিশহর থানায় হারুন অর রশিদ ও তার মা-বাবাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরে পরের দিন ১০ ডিসেম্বর আসামি হারুন অর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে ২০১৮ সালের ২৫ মার্চ আদালতের অভিযোগপত্র দেন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো শাখার উপপরিদর্শক সফিকুর রহমান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত