ইউপি সদস্যের বাড়িতে মিলল ৪০ কেজি গাঁজা

আপডেট : ৩১ মে ২০২৪, ০৬:৩২ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য মো. বেলাল শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৩১ মে) দুপুরের দিকে পুলিশ ইউপি সদস্য মো. বেলাল শেখকে আদালতে সোপর্দ করেছেন পুলিশ। গ্রেপ্তারকৃত মো. বেলাল শেখ ওই এলাকার মৃত করিম শেখের ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

গতকাল বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুরমুঠ ইউনিয়নের সুলতান খালি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ইউপি সদস্য মো. বেলাল শেখের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বসতঘরে দুইটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একটি বস্তায় ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি গাঁজা ছিল। পরে তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরের দিকে পুলিশ ৭ দিনের রিমান্ডের চেয়ে আদালতে সোপর্দ করেছেন।

এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘সকলের অগোচরে একজন জনপ্রতিনিধি গাঁজার ব্যবসা করছেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪০কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত