জামালপুর শহরের জলাবদ্ধতার ভোগান্তি নিরসনে ৬৫ বছর আগের গবাখাল দখল, দূষণ থেকে মুক্ত করতে কাজ শুরু করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও স্থানীয় প্রশাসন। শুক্রবার (৩১ মে) সকাল ৭টার দিকে পৌর শহরের শেখের ভিটা এলাকা থেকে গবাখাল দখল ও দূষণমুক্ত অভিযান শুরু হয়। এ অভিযান দুপুর পর্যন্ত চলে।
এ সময় জেলা প্রশাসক মো. শফিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অভিযানে অংশ নেন।
পৌর শহরের শেখের ভিটা থেকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালীবাড়ি বাজার পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার গবাখাল। শহরে জলাবদ্ধতা নিরসনে দীর্ঘদিনের দখল ও দূষণে থাকা গবাখাল রক্ষায় উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য। এ খালের চারটি পয়েন্টে সদর আসনের সাংসদ আবুল কালাম আজাদসহ প্রায় ৫ শতাধিক মানুষ পরিষ্কার অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয়রাও পানিতে নেমে খাল পরিষ্কারে অংশ নেন। এ উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান স্থানীয়রা।
জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ জানান, শহরের জলাবদ্ধতা নিরসনে ও সাধারণ মানুষদের উবুদ্ধ করতে এই অভিযান। ধারাবাহিকভাবে জামালপুরের সব খাল দখল ও দূষণমুক্ত করা হবে বলে জানান তিনি।
গাজার গণহত্যা নিয়ে কথা বলে চাকরি হারালেন নার্স
অর্থনৈতিক কারণে বাইপাস সার্জারি ও রিংয়ের ব্যবহার বাড়ছে