আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি লাভ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা তথ্য কেন্দ্র।
আজ শনিবার (১ জুন) বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে এবং অন্যান্য প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীসমূহের পানি সমতল ধীর গতিতে হ্রাস পেতে পারে।
১১০টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪১টির, হ্রাস পেয়েছে ৬৭টির আর অপরিবর্তিত আছে ২টি। বিপদসীমার ওপরে স্টেশন সংখ্যা ৪টি আর নদীর সংখ্যা ২টি। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১টি।
