আফগানিস্তানে নৌকাডুবিতে শিশুসহ ২০ জনের মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২৪, ০৬:০৪ পিএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে মোমান্দ দারা জেলার বাসাউল এলাকার একটি নদীতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে নানগারহারের তথ্য বিভাগের প্রধান কুরায়েশি বাদলুন জানিয়েছেন, নৌকাটিতে নারী ও শিশু ছিল। এ ঘটনায় পাঁচজন তাদের জীবন বাঁচাতে পেরেছেন। নৌকাডুবির কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নানগারহারের তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে একটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।

এক বিবৃতিতে নানগারহার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী, দুজন ছেলে ও একটি মেয়ে রয়েছে। অন্যদের খুঁজে বের করার প্রচেষ্টা এখনো চলছে। ঘটনাস্থলে একটি মেডিকেল দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এ নৌকাডুবি হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, কাছাকাছি কোনো সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দারা নিয়মিত নৌকাযোগে নদীটি পার হন। আর এ থেকেই এই নৌকাডুবির ঘটনা ঘটল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত