অবশেষে ৪৫ ঘণ্টার ধ্যান ভেঙে বের হলেন মোদি

আপডেট : ০১ জুন ২০২৪, ০৬:১৬ পিএম

প্রায় ৪৫ ঘণ্টা ধরে ধ্যান করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুপুরে ধ্যান ভাঙলেন তিনি। তার পর আকাশি কুর্তা, সাদা ধুতি পরে বেরিয়ে আসেন বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে। সঙ্গে তার নিরাপত্তারক্ষীরা। সেই ভিডিও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে।

শনিবার দেশে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। তার মাঝেই দুপুর ৩টা ১৫ মিনিট নাগাদ প্রকাশ্যে আসে এএনআইয়ের একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, মন্দির থেকে ধুতি-কুর্তা পরে বেরিয়ে আসছেন মোদি। গলায় সাদা-লাল উত্তরীয়। পায়ে জুতা। দুই পাশে রয়েছেন দুই রক্ষী। এর পর লঞ্চে বসে সাগর পার হচ্ছেন তিনি।

এর আগে শনিবার সকালে কন্যাকুমারীতে প্রধানমন্ত্রীর আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটি প্রকাশ করেছে বিজেপি। সেখানে দেখা গিয়েছে, মোদির পরনে গেরুয়া ধুতি-কুর্তা। গলায় গাঢ় গেরুয়া উত্তরীয়। হাতে জপমালা নিয়ে বিবেকানন্দ রক মেমোরিয়ালে পায়চারি করছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন মোদি। শনিবার দুপুর পর্যন্ত চলে ধ্যান। এই দুদিন মৌনব্রত ছিল মোদির। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর তিনি গিয়েছিলেন কেদারনাথে। ২০১৪ সালের ভোটের পর গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত