সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে ইয়াফি খাতুন (৮) ও ইসা খাতুন (৫) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ জুন) বেলা ৩টার দিকে জেলার তাড়াশ পৌর সদর এলাকার কোহিত তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইয়াফি খাতুন ও ইসা খাতুন ওই গ্রামের হযরত আলীর মেয়ে ও পৌর কাউন্সিলর মো. রুবেল আলীর নাতনি। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, শনিবার দুপুরের দিকে কোহিত তেতুলিয়া গ্রামের হযরত আলীর মেয়ে ইয়াফি খাতুন ও ইসা খাতুন বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ির লোকজন বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলেন। এরই ফাঁকে তারা দুইবোন সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে নেমে পড়ে ও পানিতে তলিয়ে যায়। পরে বেলা ২টার সময় শিশু দুটিকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন।
তিনি আরো বলেন, এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় পুকুরের পানি থেকে দুই বোনকে উদ্ধার করে স্থানীয়রা। পরে দ্রুত শিশু দুটিকে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
