৩০ বছর পর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারাল নেলসন ম্যান্ডেলার দল

আপডেট : ০১ জুন ২০২৪, ০৮:৩৪ পিএম

দক্ষিণ আফ্রিকার সংসদের ঐতিহাসিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। ৩০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের পতন ঘটানোর পর যতবার সংসদ নির্বাচন হয়েছে ততবারই তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে এই প্রথম জাতীয় নির্বাচনে তাদের ভোটের অংশীদারিত্ব ৪০ শতাংশে নেমে এসেছে।

আল-জাজিরা জানিয়েছে, শনিবার ৯৯ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে দেখা গেছে এএনসি পেয়েছে ৪০ দশমিক ১৫ শতাংশ ভোট। অন্যদিকে দেশটির প্রধান বিরোধীদল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (ডিএ) পেয়েছে ২১ দশমিক ৭১ শতাংশ ভোট এবং সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বাধীন নবগঠিত রাজনৈতিক দল উমকুন্টো ওয়ে সিজওয়ে (এমকে) ১৪ দশমিক ৭৬ শতাংশ ভোট নিজেদের দিকে টানতে পেরেছে।

নেলসন ম্যান্ডেলার উত্তরাধিকারী দলটির জন্য এটি হতাশাজনক একটি ফল। পূর্ববর্তী ২০১৯ সালের পার্লামেন্ট নির্বাচনেও দলটি মোট ভোটের ৫৭ দশমিক ৫ শতাংশ পেয়েছিল। দুর্বল এই ফলাফলের কারণে এএনসিকে ক্ষমতা ধরে রাখতে হলে এবার অবশ্যই বিরোধী কোনো দলের সঙ্গে জোট গঠন করতে হবে, যা গত ৩০ বছরে অভাবিত ছিল।

তবে ম্যান্ডেলার দল সংখ্যাগরিষ্ঠতা হারালেও তাদের নেতৃত্বেই দেশটিতে সরকার গঠিত হবে। কিন্তু সরকার গঠন করতে হলে অন্য দলের সঙ্গে তাদের জোট গড়তে হবে। এছাড়া সিরিল রামাফোসাই দ্বিতীয় ও শেষবারের মতো প্রেসিডেন্ট হবে বলে ধারণা করা হচ্ছে। 

এএনসিকে ক্ষমতা ধরে রাখতে বিরোধীদলের সঙ্গে চুক্তি করতে হতে পারে আর তাতে তাদের হয় মন্ত্রিসভার পদ দিতে হবে অথবা পার্লামেন্টের ওপর আরও নিয়ন্ত্রণের সুযোগ দিতে হবে, এমনকি স্পিকারের পদটিও দিতে হতে পারে।

বিশ্লেষকদের ধারণা, বেকারত্ব, বৈষম্য ও বিদ্যুৎ সঙ্কটের জন্য ক্ষুব্ধ জনগণের মনোভাবই প্রতিফলিত হয়েছে এবারের নির্বাচনে। দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশন রোববার ভোটের চূড়ান্ত ফল প্রকাশ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত