বাংলাদেশের স্বপ্নভঙ্গের ‘খলনায়ক’ অবসরে

আপডেট : ০১ জুন ২০২৪, ০৯:৫০ পিএম

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। কিছুদিন আগেই আর আইপিএল না খেলার কথা জানিয়েছিলেন দীনেশ কার্তিক। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিলেন কার্তিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করেন ভারতীয় এই উইকেটকিপার ব্যাটসম্যান। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে কার্তিক লেখেন, 'এটা অফিসিয়াল। ধন্যবাদ, কার্তিক।'

সঙ্গে একটি বিদায় বার্তাও দিয়েছেন ৩৯ বছরের কার্তিক। তিনি লেখেন, 'গত কয়েক দিনে যে ভালবাসা ও সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত। যারা এত ভালবাসা ও সমর্থন দিয়েছেন তাঁদের অনেক ধন্যবাদ। বেশ কিছু দিন ধরে অনেক ভাবনা-চিন্তা করে মনে হয়েছে, এবার ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসেছে। আমি অবসর ঘোষণা করছি। খেলার দিন পিছনে ফেলে এ বার নতুন চ্যালেঞ্জের পথে এগিয়ে যাব।'

নিজের কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানান কার্তিক। ভারতের হয়ে ২৬ টেস্ট, ৯৪ ওয়ানডে ও ৫৬ টি-টোয়েন্টি খেলেছেন কার্তিক। ১৬৭ প্রথম শ্রেণির ম্যাচে ৯৬২০ রান করেছেন কার্তিক।

এই দীনেশ কার্তিকের কারণেই ২০১৮ সালে শ্রীলঙ্কায় নিদহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের স্বপ্ন ভেঙেছিল। রুবেল হোসেনের এক ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ফলে প্রায় নিশ্চিত জিততে চলা ম্যাচটাও হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় টাইগারদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত