যাকে একটা সময় টেলিভিশনের পর্দা খুললেই দেখা যেত, মনে পড়ে সেই মীমকে? পুরো নাম সাবরীন শাকা মীম, যাকে শোবিজের সবাই ‘নতুন কুঁড়ি’র মীম কিংবা বড় মীম হিসেবেই জানেন। অভিনয়ের প্রতিভা দিয়ে অল্প সময়েই নাট্য অঙ্গনে নিজের জায়গা করে নেন তিনি। সেই মীম পর্দায় নেই প্রায় এক যুগ। প্রায় টানা ২১ বছর মিডিয়ায় কাজ করে অনেকটা অভিমান করেই অভিনয় থেকে বিদায় নেন ‘নতুন কুঁড়ি’র এই চ্যাম্পিয়ন।
একটানা ২০১২ সাল পর্যন্ত অভিনয় করলেও এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে মাঝে তাকে উপস্থাপনায় দেখা গেছে কিন্তু ২০২০ সালের পর সেখানেও অনুপস্থিত তিনি। অভিনয়ে অনিয়মিত কেন এমন প্রশ্নে তিনি বলেন, অভিনয় থেকে যখন সরে আসি, তখন কিছু ব্যক্তিগত কারণ ছিল। আমি যেভাবে বা যে ধরনের কাজ করতে চাচ্ছিলাম, সেগুলো মনের মতো করে পাচ্ছিলাম না আর তখন। তাই সরে এসেছিলাম। এর বাইরে কিছু অভিমানও ছিল।
তিনি অভিনয়ে ফিরতে চান। তবে গড়পড়তা কোনো কাজের মধ্য দিয়ে ফিরতে চান না। ফের ক্যামেরার সামনে দাঁড়াতে চান জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমি তো ফিরতে চাই। তবে একবার একটা জায়গা থেকে সরে এলে সেখানে আবার যাওয়াটা কেমন জানি মনে হয় আমার কাছে। প্রায় ১২ বছর অভিনয় করছি না। মনে হয় সব ভুলে গেছি। এখনো মাঝেমধ্যে প্রস্তাব আসে কিন্তু ফিরব যে সে রকম কিছু পাচ্ছি না। ১২ বছর পর অভিনয়ে ফিরব তার জন্য এ রকম চমকপ্রদ কিছু তো দরকার। যেমন-তেমন কিছু দিয়ে তো ফেরা যাবে না। আমার যারা ভক্ত আছেন, তারা তো আমাকে সেই আগের মীম হিসেবেই দেখতে চাইবেন। তাদের তো হতাশ করতে পারি না। অবশ্যই ভালো কিছু হতে হবে।
মীম বর্তমানে ‘অ্যাকশন এইড বাংলাদেশ’ নামক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে একজন এনজিওকর্মী হিসেবে নিয়োজিত রয়েছেন।
শাকিবের সঙ্গে জুটি নাজিফা তুষি, নায়িকা বললেন ‘ভুয়া’