দোষী সাব্যস্ত ট্রাম্প, কতটুকু সম্পদ হারালেন?

  • ফৌজদারি মামলায় ৩৪টি অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে নিউইয়র্ক আদালত
  • দোষী সাব্যস্তের একদিন পরেই কোটি কোটি ডলার হারিয়েছেন সাবেক মার্কিন এই প্রেসিডেন্ট
আপডেট : ০২ জুন ২০২৪, ০৩:৩৮ পিএম

মাস ছয়েক শুনানি শেষে ফৌজদারি মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে নিউইয়র্ক আদালত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

গত বৃহস্পতিবার নিউইয়র্ক আদালতের জুরিবোর্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে। ১২ সদস্যের জুরিবোর্ড ফৌজদারি মামলায় ৩৪টি অভিযোগের সব কটিতেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে। অন্যদিকে এসব মামলায় দোষী সাব্যস্ত হওয়ার এক দিন পরেই বিপুল অর্থমূল্যের সম্পদ হারিয়েছেন সাবেক মার্কিন এই  প্রেসিডেন্ট।

গতকাল শুক্রবার তাঁর গণমাধ্যম কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ার কারণে তিনি এই সম্পদ হারান। তবে ডোনাল্ড ট্রাম্প সম্পদ হারিয়েছেন মূলত কাগজে–কলমে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার দিন শেষে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দাম কমে যায় ৫ দশমিক ৩ শতাংশ। এই কোম্পানিতে যেহেতু সাবেক প্রেসিডেন্টের সবচেয়ে বেশি শেয়ার রয়েছে, তাই তাঁর ক্ষতিই হয়েছে সবচেয়ে বেশি।

শেয়ার বাজারের লেনদেন শেষে ঐ কোম্পানিতে ট্রাম্পের শেয়ারের মূল্য দাঁড়ায় ৫৫০ কোটি ডলার। ঠিক এক দিন আগে ঐ শেয়ারের দাম ছিল প্রায় ৬০০ কোটি ডলার। অর্থাত্ এক দিনেই মূল্যমান কমেছে প্রায় ৪০ কোটি ডলার।

ট্রাম্প মিডিয়ার আর্থিক পরিস্থিতি এখনো সাফল্যের মুখ দেখেনি। চলতি বছরের প্রথম তিন মাসে এই কোম্পানির লোকসান ২১ কোটি ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৮০ লাখ ডলার। এ সময়ে কোম্পানির আয় কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ৫০০ ডলার।

এদিকে গত বৃহস্পতিবার ন্যাসডাক শেয়ারবাজার বন্ধের সময় ট্রাম্প মিডিয়ার তাঁর শেয়ারের দাম ছিল ৫৯০ কোটি ডলার। কিন্তু গতকাল একপর্যায়ে তাঁর শেয়ারের দাম দাঁড়ায় ৫৫০ কোটি ডলার। পরে দাম খানিকটা বাড়ে।

যদিও ট্রাম্প মিডিয়ার শেয়ারের দাম অবশ্য খুব বেশি ওঠানামা করছে। তবে সাবেক প্রেসিডেন্ট চাইলেই আগামী সেপ্টেম্বরের আগে শেয়ার বিক্রি করতে পারবেন না। কারণ, এই শেয়ারগুলো লক–আপ চুক্তির বাধ্যবাধকতায় রয়েছে

এখন ডোনাল্ড ট্রাম্প যদি তাঁর মিডিয়া কোম্পানির শেয়ার বিক্রি থেকে শত শত কোটি ডলার আয় করতে চান, তবে শেয়ারের দাম সেই আগের পর্যায়ে যেতে হবে, যখন শেয়ারের দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল।

২০০৬ সালে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। এই সম্পর্ক ফাঁস না করতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ঐ পর্নো তারকাকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন তিনি। এছাড়া ঐ অর্থ দেওয়ার বিষয়টি ধামাচাপা দিতে ট্রাম্প তার ব্যাবসায়িক নথিপত্রেও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলেও অভিযোগ আছে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে।

সূত্র: দ্যা গার্ডিয়ান

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত