নদীতে ভাসছিল ট্রলি ব্যাগ, মিলল পা-মাথা বিচ্ছিন্ন লাশ

আপডেট : ০২ জুন ২০২৪, ০৫:৪৪ পিএম

ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা সীমান্ত এলাকা মনতলার সুতিয়া নদী থেকে বাজারের ব্যাগে মাথা ও ট্রলি ব্যাগ চার টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২ জুন) সকালে সদর-মুক্তাগাছা সীমান্তের মনতলা সেতুর সুতিয়া নদী থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকাল থানায় খবর আসে মনতলা সেতুর নিচে সুতিয়া নদীতে একটি ট্রলি ব্যাগ ও নদীন পাড়ে বাজারের ব্যাগে রক্তাক্ত খন্ডিত মাথা পড়ে আছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত মাথা ও ট্রলি ব্যাগ ভেতর থেকে দেহের চার টুকরা উদ্ধার করে। উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য ফয়জুর রহমান বলেন, সকাল ৮টার দিকে নদীর পাড়ে পাটক্ষেতের পাশে এক ব্যক্তির কাটা মাথা একটি পলিথিনে মোড়ানো অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পাশেই নদীর পানিতে কচুরিপানার সঙ্গে ভাসছিল একটি ট্রলি ব্যাগ। সেখান থেকে পুলিশ পলিথিনে প্যাঁচানো অবস্থায় কাটা মাথা উদ্ধার করা হয়। আর ট্রলি ব্যাগ থেকে বিচ্ছিন্ন অবস্থায় যুবকের পুরো দেহ উদ্ধার করা হয়। মরদেহের পায়ে মোজা ছিল। আর কাটা মাথার পাশে তার জিন্সের প্যান্ট, বিছানার কভার ও টেবিল ক্লথ পড়ে ছিল।

পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, মরদেহটি আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত যুবকের। তবে তার পরিচয় এখনো মেলেনি। পরিচয় শনাক্ত করতে পিবিআই পুলিশ আঙুলের ছাপ সংগ্রহ করেছে। ধারণা করা হচ্ছে সেতুর ওপর থেকে ওই দেহভর্তি লাগেজ ও খন্ডিত মাথা ফেলা হয়েছে। ডিবি পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত