আজিজ-বেনজীরের মতো সবার অপকর্ম প্রকাশ পাবে: সালাম

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৮:৩২ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, বিএনপি ঠেকাতে গিয়ে রাজনৈতিকভাবে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগই শেষ হয়ে যাচ্ছে। বিএনপিসহ গণতন্ত্রকামী জনতার ওপর যে অত্যাচার চালিয়েছে তার জন্য আওয়ামী লীগ দেশ-বিদেশে প্রত্যাখ্যাত হয়েছে। শুধুমাত্র বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না। এতে বিএনপির কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে আওয়ামী লীগের। মানুষ এ সরকারকে ভোটচোর সরকার বলে।

আজ সোমবার রাজধানীর গেন্ডারিয়া থানার ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, স্বাধীনতার পরও জাসদ থেকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ একবার বিলীন হয়েছিল। পরে শহীদ জিয়াই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরায় প্রতিষ্ঠিত করেছিল। আজকে সে জিয়াউর রহমানকে নিয়ে তারা আজেবাজে কথা বলে। আসলে আওয়ামী লীগ একটি অকৃতজ্ঞ রাজনৈতিক দল।

তিনি বলেন, গণতন্ত্র নিধনকারী আওয়ামী লীগ ভালোভাবেই জানে তাদের আয়ু শেষ। তাই তারা নিজেদের আখের গোছাচ্ছে। যে যেভাবে পারে লুট করে নিচ্ছে। সব লুটের একদিন বিচার হবে। আজিজ-বেনজীরের মতো সকলের অপকর্ম প্রকাশ পাবে। দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হবেন কিন্তু ভোগ করতে পারবেন না। বিচারের মুখোমুখি হতেই হবে।

৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মোড়লের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মোহাম্মদ মোহন, সদস্য মকবুল ইসলাম খান টিপু, গেন্ডারিয়া থানা বিএনপি নেতা আব্দুল কাদির প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত