প্রিয়তমার প্রিয়তম এবার শরীফুল রাজ

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৪:৫৫ পিএম

সাম্প্রতিক সময়ে তুমুল ব্যবসাসফল চলচ্চিত্র ‘প্রিয়তমা’ এবং এরপরে  ‘রাজকুমার’ নির্মাণ করেছে  ভার্সেটাইল মিডিয়া। এবার নতুন একটি ছবি করতে যাচ্ছে প্রযোজনা সংস্থাটি। তবে 'প্রিয়তমা' ইধিকা পাল ঠিক থাকলেও ঠিক নেই শাকিব খান। কেননা শাকিব খানের পরিবর্তে এই চলচ্চিত্রে নেওয়া হচ্ছে শরীফুল রাজকে। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান এটাকে 'শাকিবের পরিবর্তে' বলছে না, এটা একদমই একটি নতুন প্রোজেক্ট যেটা শরীফুল রাজকে নিয়ে করা হচ্ছে।

নতুন এই ছবির নাম ‘সাহেব।’ প্রযোজক আরশাদ আদনান তার জন্মদিনে জানালেন, শাকিব নয়, ‘সাহেব’ ছবিতে থাকছেন শরিফুল রাজ। নায়িকা থাকবেন ইধিকা পাল। 

নিজের জন্মদিনের সন্ধ্যায় ‘সাহেব’ ছবি নিয়ে এমন ঘোষণা দেন আলোচিত প্রযোজক আরশাদ আদনান। তিনি বলেন, ‘সাহেব’ পরিচালনা করবে সাইফ চন্দন। ছবির উপদেষ্টা হিসেবে থাকবেন হিমেল আশরাফ। ২০২৫ এর রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে। এর আগে সাইফ চন্দনকে দেখা গেছে প্রিয়তমা ও রাজকুমার সিনেমার সেটেও।

তবে ইধিকা পালের সঙ্গে শরীফুল রাজকে জুড়ে নতুন চলচ্চিত্র বানালেও শাকিব খানকে নিয়ে রয়েছে একেবারে ভিন্ন পরিকল্পনা। এ বিষয়ে আরশাদ আদনান বলেন, 'শাকিবকে নিয়ে আবার বড় করে নতুন প্ল্যান করছি। ওই ছবির গল্পের কাজ চলছে। সবশেষ হলে আমরা সেটাও ঘোষণা দেব।'

এদিকে জানা গেছে, ‘সাহেব’ হবে অ্যাকশন ধাঁচের ছবি। আব্বাস, লোকালের পর পরিচালক সাইফ চন্দনের এটি হতে যাচ্ছে নতুন ছবি। এই ছবিতে এমনকিছু থাকছে যা ইতোপূর্বে বিশ্বের অন্যান্য দেশে দেখা গেলেও বাংলাদেশে দেখা যায়নি। এমনটাই দেশ রূপান্তরকে জানালেন সাইফ চন্দন। বললেন, 'আসলে এটা অ্যাকশন ধাঁচের ছবি। এতে এমন কিছু থাকছে যা ইতোপূর্বে বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যায়নি। আর গল্পের সঙ্গে মিলিয়েই আমরা চরিত্র নির্ধারণ করেছি। এখানে মনে হচ্ছিল আমাদের শরীফুল রাজকে প্রয়োজন, আমরা তাকে নির্বাচন করেছি এরপর মনে হয়েছে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ইধিকা পাল, আমরা তাকে নিয়েছি।' 

প্রিয়তমার মতো এই ছবিও ইন্ডাস্ট্রির ব্যবসায়িক সফল একটি ছবি হবে বলে মনে করছেন সাইফ চন্দন। বললেন, প্রিয়তমা যেমন এদেশের চলচ্চিত্রের হিসেব বদলে দিয়েছিল, সেটা ছিল শুরু। এই ছবিটিও তেমনই একটি ছবি হওয়ার সম্ভাবনা রাখে। 

'সাহেব' চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে গত চারমাস আগে। আগামী জুলাই থেকে ছবিটির শুটিং শুরু হবে। ঢাকা, সাভারসহ দেশের বিভিন্ন অঞ্চলে এর শুটিং হবে। এছাড়াও দেশের বাইরের বেশকিছু লোকেশনে শুটিং এর প্রস্তুতি নেওয়া হচ্ছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত