রিয়ালে যাওয়া ব্যাপারে পিএসজির 'সহিংস' প্রতিক্রিয়ার অভিযোগ এমবাপ্পের

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৫:০৯ পিএম

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবর শুনে সাবেক ক্লাব পিএসজি ‘সহিংস প্রতিক্রিয়া’ জানিয়েছে বলে মন্তব্য করেছেন ফরাসী তারকা কিলিয়ান এমবাপ্পে। পরের মৌসুম থেকে আর পিএসজিতে থাকবেন এ কথা ক্লাবকে জানানোর পর এমনটা হয় বলে জানান এমবাপ্পে।

পিএসজিতে সাতটি মৌসুম কাটান এমবাপ্পে। এই সময়ে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করার পাশাপাশি হেন পিএসজির সর্বকালের সেরা গোলস্কোরার। তবে যখনই ক্লাব ছাড়া সিদ্ধান্ত নেন, তার পর থেকেই সম্পর্কে অবনতি ঘটে দুই পক্ষের।

এ নিয়ে এমবাপ্পে বলেন, ‘পিএসজি আমি অসুখী ছিলাম না। কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় আমাকে অসুখী করেছে। কিন্তু আমার মতো খেলোয়াড় তা প্রকাশ করতে পারে না, কারণ, আমি নেতাও, তাই যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করেছি। কোচ, খেলোয়াড় ও ক্লাবের লোকজন আমাকে সমর্থন দিয়েছেন, তাই আমি অসুখী ছিলাম এটা বললে তা খারাপ দেখায়। কিন্তু কিছু বিষয় এবং কিছু মানুষ আমাকে অসুখী করেছে।’

গত মৌসুম শেষে পিএসজিতে নতুন চুক্তি করা না করা নিয়ে ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন এমবাপ্পে। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, পিএসজির পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁকে একদমই খেলার সুযোগ দেওয়া হবে না। পরে কোচ লুইস এনরিকে ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস ‘বাঁচান’ এমবাপ্পেকে।

এ নিয়ে এমবাপ্পে বলেছেন, ‘ক্লাব আমাকে জানিয়েছিল যে আমি খেলার সুযোগ পাব না। তারা কথাটা উগ্রভাবে আমার মুখের ওপর বলেছে। লুইস এনরিকে এবং লুইস কাম্পোস আমাকে বাঁচিয়েছেন। তাঁরা না থাকলে আমি আবারও মাঠে নামতে পারতাম না।’

এমবাপ্পের এমন কথার পর পিএসজির পক্ষ থেকে এ নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ক্লাবটির ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এমন মন্তব্যের পর পিএসজি মনে করে ‘এমবাপ্পের কোনো মর্যাদাবোধ নেই। দল নিয়ে কোনো ব্যাপারেই নাসের আল খেলাইফি নাক গলান না। লুইস এনরিকে নিজেও এই কথা বলেছেন। কিন্তু তারপরও এমবাপ্পে কিছু বললেই লোকজন সেটি সত্য ভেবে ছাপায়।’

আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে দেখা যাবে এমবাপ্পেকে। বার্ষিক ১৫ মিলিয়ন ইউরো বেতন চুক্তির সঙ্গে সাইনিং বোনাস হিসেবে ১৫০ মিলিয়ন ইউরোতে বার্নাব্যুতে পাড়ি জমিয়েছেন এমবাপ্পে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত