বেনজীরকে লালন পালন করে বড় করেছে সরকার: রিজভী

আপডেট : ০৬ জুন ২০২৪, ০২:৫১ পিএম

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ছোট থেকে লালন পালন করে সরকার বড় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে বেনজীর সাহেবের নামে এত ঘটনা তিনি বিদেশে চলে গেলেন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশ যাওয়ার ব্যাপারে তার কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে কি প্রমাণিত হয় না সরকার বেনজীর সাহেবকে লালন পালন করেছে, যেমন বাবা-মা শিশু সন্তানকে লালন পালন করে ছোট থেকে বড় করে ঠিক তেমনিভাবে এই সরকার বেনজীর সাহেবকে লালন পালন করে বড় করেছে।

রিজভী বলেন, সারা বাংলাদেশে মানুষের ফসলি জমি আত্মসাৎ, মানুষের বাড়ি ঘর আত্মসাৎ, ঢাকা শহরের ফ্ল্যাটের পর ফ্ল্যাট স্ত্রীর নামে মেয়ের নামে সবার নামে ফ্ল্যাট কিনেছেন এই বেনজীর। কারণ এদের দিয়েই শেখ হাসিনা ভোটার বিহীন নির্বাচন করেছেন, রাতের অন্ধকারে নির্বাচন করেছেন, সমস্ত অপকর্ম করেছেন এদের দিয়ে।

তিনি অভিযোগ করে বলেন, বেনজীরদের দিয়ে সরকার বিএনপির নেতাকর্মী, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও শ্রমিক থেকে শুরু কতজনকে যে অপহরণ করেছে তার হিসাব নেই। আজিজ এবং বেনজীর সাহেবের এই ঘটনাগুলো মানুষ শুধু বিস্ময়ে খবরের কাগজে পড়ছে। আমরা তো মাত্র ছিটেফোঁটা জানি। ভেতরে যে আরো কত কি আছে।

গুণী মানুষরা এখন কারাগারের লোহার খাঁচায় মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, ড. ইউনূস বলেছেন আমি আধা ঘণ্টার মতো লোহার খাঁচায় ছিলাম। আর দেশের সবচাইতে জনপ্রিয় যে ব্যক্তি তিনি বছরের পর বছর লোহার খাঁচার মধ্যে আবদ্ধ। আজকে ইউনূস সাহেবরা সম্মানিত নন, তবে এখন সম্মানিত কে? বেনজীর সম্মানিত? আজিজ?

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, মুক্তিযোদ্ধার কোটার নামে বাবা ছাত্রলীগের সভাপতি ছিলেন এখন আওয়ামী লীগ নেতা মামা আওয়ামী লীগের এমপি খালু আওয়ামী লীগের স্থানীয় নেতা এদের ঢুকানোর জন্যই এই প্রক্রিয়া চলছে। আমরা ফ্যাসিবাদের এরকম চরম বিষবাষ্পের মধ্যে বসবাস করছি। আমরা যে শ্বাস নেই সেটা ফ্যাসিবাদের। যে বাতাস সেই ফ্যাসিবাদের বাতাসের বিষবাষ্প আমাদের গ্রহণ করতে হচ্ছে।

সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত