প্রস্তাবিত বাজেটে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।
বিবৃতিতে মোজাম্মেল হক চৌধুরী বলেন, নির্মাণ খরচের উচ্চমূল্যের কারণে বাংলাদেশে মেট্রোরেলের বিদ্যমান ভাড়া প্রতিবেশী দেশসহ এশিয়া মহাদেশের অন্যান্য দেশের তুলনায় কয়েকগুণ বেশি। গড় জিডিপি বিবেচনায় বাংলাদেশ ও ভারত প্রায় কাছাকাছি হলেও মেট্রো ভাড়া ভারতের তুলনায় প্রায় ৩ থেকে ৪ গুণ বেশি। পাকিস্তানের তুলনায় ৩ গুণ বেশি। এমনকি ইউরোপের অনেক দেশেও আমাদের দেশের চেয়ে কম মূল্যে মেট্রোতে যাতায়াত করা যায়। সরকার রাজধানীর গণপরিবহনের পরিবেশ উন্নত করা ও শৃঙ্খলা ফেরাতে ব্যর্থতার কারণে অতিরিক্ত ভাড়ায় দেশের যাত্রীরা উচ্চমূল্যের টিকিটে যাতায়াতে বাধ্য হচ্ছে।
তিনি আরও বলেন, মেট্রো টিকিটের এহেন উচ্চমূল্যের কারণে দেশের সাধারণ মানুষ, নিম্নআয়ের লোকজন মেট্রোরেল ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটে মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব পাস হলে মেট্রোরেলের টিকিটের মূল্যে আরো বেড়ে যাবে। এতে মেট্রোরেল আধুনিক গণপরিবহনের পরিবর্তে উচ্চবিত্তের পরিবহনে পরিণত হবে। মেট্রোরেল চালুর ক্ষেত্রে সরকারের মূললক্ষ্য ব্যহত হবে। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত জাতীয় বাজেটে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব বাতিলের দাবি জানান সংগঠনটি।
৭ বছর ধরে যেভাবে শিশুর গলায় আটকে ছিল কয়েন!
শিক্ষার্থী হত্যা: রফিকসহ ৩১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ