জাতীয় প্রেসক্লাবের নামে মেট্রোরেল স্টেশন করার দাবির সাথে একমত: নৌপরিবহনমন্ত্রী

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম

জাতীয় প্রেসক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

রবিবার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ রবিউল আলম।

নৌপরিবহনমন্ত্রী বলেন, তবে এটি বাস্তবায়নের আগে কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যারের পরিবর্তন এবং সংশ্লিষ্ট ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করতে হবে। এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করেন এবং সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মন্ত্রী বলেন, উন্নয়ন মানে শুধু আধুনিক অবকাঠামো নির্মাণ নয়, বরং একটি প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ভূমিকার স্মৃতিও সংরক্ষণ করা।

শেখ রবিউল আলম বলেন, সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জন্য ক্রীড়াচর্চার পাশাপাশি সংস্কৃতি ও মননশীলতার চর্চাও অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, ধৈর্য, লক্ষ্য স্থির রাখা ও ধারাবাহিক প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিকূলতা মোকাবিলা করে লক্ষ্যে পৌঁছাতে একই ধরনের নিষ্ঠা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন— ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার, কাজী রওনাক হোসেন, মোহাম্মদ মোমিন হোসেন ও একেএম মহসীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি। অনুষ্ঠানে উপস্থিত প্রেসক্লাবের সদস্য এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত