ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৬ প্রার্থীকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ‘গার্ডিয়ান কাউন্সিল’। রবিবার ইরানের নির্বাচনী সদর দফতরের মুখপাত্র মোহসেন ইসলামি দেশের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করেছেন। খবর ইরনার।
তবে গত নির্বাচনের মতো এবারও প্রার্থীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে। ১২ সদস্যবিশিষ্ট নির্বাচনী তদারকি সংস্থা গার্ডিয়ান কাউন্সিল আগের দিন অনুমোদিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়।
তালিকায় সাবেক আইনমন্ত্রী মোস্তফা পুরমোহাম্মাদি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান, ফাউন্ডেশন অফ শহীদ অ্যান্ড ভেটেরান্স অ্যাফেয়ার্সের প্রধান আমির হোসেন গাজিজাদেহ-হাশেমি, তেহরানের মেয়র আলিরেজা জাকানি, সাবেক পারমাণবিক আলোচক সাঈদ জালিলি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন সাবেক প্রভাবশালী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। কিন্তু তার নিবন্ধনটি গ্রহণ করেনি গার্ডিয়ান কাউন্সিল। ইরানের ধর্মীয় ব্যক্তিত্ব ও বিচারকদের নিয়ে এই কাউন্সিলটি গঠিত। যেটির নেতৃত্ব দিয়ে থাকেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
অন্যান্য নির্বাচনের মতো এবারও ইরানে কোনো নারীকে প্রার্থী হওয়ার সুযোগ দেয়নি এই কাউন্সিল। এছাড়া যারা দেশের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন চান এমন কেউও নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাননি।
প্রসঙ্গত, গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর দেশটিতে ২৮ জুন আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
কিছুক্ষণ পরেই শপথ নেবেন মোদি