দুর্নীতি দমন কমিশনে দিন দিন অভিযোগের সংখ্যা কমে আসছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন সচিব খোরশেদা ইয়াসমীন।
তিনি বুধবার (১২ জুন) চাঁদপুর শিল্পকলা একাডেমিতে প্রথম বারের মতো জেলা দুদক আয়োজিত গণশুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
তিনি বলেন, দুর্নীতিবাজকে সবাই অবজ্ঞা করে। দুদক যে গণশুনানি করছে, এটির ইতিবাচক প্রভাব পড়ছে এবং এটির সুফলও পাওয়া যাচ্ছে। এমন আয়োজন দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখবে। আগামীতেও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের কার্যক্রম আরও সাফল্যমণ্ডিত হবে বলে মনে করেন তিনি।
গণশুনানিতে জেলার ৪৩টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মোট ৬৬টি অভিযোগ তোলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাদের অভিযোগ আমলে নিয়ে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা, দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মো. আক্তার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
