জি-৭ সম্মেলনে যে বিশেষ চুক্তি করবেন বাইডেন-জেলেনস্কি

আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:৪৩ পিএম

জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার রাতে ইতালিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি বৈঠক করার পরিকল্পনা রয়েছে জো বাইডেনের। বৈঠকে জো বাইডেন এবং জেলেনস্কি যুক্তরাষ্ট এবং ইউক্রেনের মধ্যে ১০ বছরের জন্য একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবেন। এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটন কিয়েভকে বিস্তৃত সামরিক সহায়তা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি জানান, ‘তাদের ওপর আমাদের (মার্কিন) সমর্থন ভবিষ্যতে দীর্ঘস্থায়ী হবে তা স্পষ্ট করবে এই বৈঠক।’

এবারের জি-৭ সম্মেলনে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাজ্যের নেতৃবৃন্দ ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ ছাড়াও ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিরসন প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ইউক্রেনের প্রতি শক্তিশালী সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। এমনটি জানিয়ে জ্যাক সুলিভান আরও বলেন, এখানে আমাদের লক্ষ্য পরিষ্কার। আমরা দেখাতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণকে সমর্থন করে। আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, এবং আমরা তাদের নিরাপত্তার প্রয়োজনগুলিকে শুধু আগামীকাল নয়, ভবিষ্যতেও সাহায্য করব।

ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তিতে যাওয়া রাশিয়ার জন্য একটি সংকেত বলেও জানান সুলিভান। তিনি বলেন, এই চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে আমরা রাশিয়াকে আমাদের সংকল্পের সংকেতও পাঠাব। ভ্লাদিমির পুতিন যদি মনে করেন যে তিনি ইউক্রেনকে সমর্থনকারী জোটকে ছাড়িয়ে যেতে পারেন তবে তার ধারণা ভুল। এই চুক্তি আমাদের সংকল্প এবং অব্যাহত প্রতিশ্রুতি দেখাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত