বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাখরকাঠি এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। পাশাপাশি এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (১৪ জুন) সকাল ৭টার দিকে বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
নিহতরা হলেন, থ্রিহুইলার চালক বাকেরগঞ্জ উপজেলার চরাদী এলাকার আব্দুস ছালাম হাওলাদারের ছেলে সাইদুল ইসলাম (৪০)। একই উপজেলার বাগদিয়া এলাকার মেজবাহ উদ্দিন অপুর ছেলে ও থ্রি হুইলারের যাত্রী শিশু জায়ান (৪)।
এ ঘটনায় আহতরা হলেন, নিহত জায়ানের বাবা মেজবাহ উদ্দিন অপু (৩৩) ও মা মাহফুজা বেগম (৩৫), বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান (৪০) এবং বাগদিয়া গ্রামের কাউসার হাওলাদার (২৮)। তবে আহতদের মধ্যে মাহফুজা আক্তারের শরীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর একটি গাড়ি সেনা সদস্যদের নিয়ে বরিশাল যাচ্ছিল। আর বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল সিএনজিচালিত একটি থ্রি-হুইলার ও অটোরিকশা। এ সময় সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, সকাল ৭টার দিকে তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন নিহত ও দুইজন আহত হওয়ার খবর রয়েছে। নিহতদের মরদেহ শেবাচিমের মর্গে রয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম হতাহতদের বরাতে জানান, নিহত জায়ান সাইদুল ইসলামের সিএনজি চালিত থ্রি-হুইলারের যাত্রী ছিলেন। সাইদুলকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। জায়ান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
