আজ ত্রিনিদাদে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারের স্বাদ পেয়েছে উগান্ডা। শক্তিশালী নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার নবাগত দেশটির পেরে ওঠার কথা না। তবে উগান্ডা আজ অন্যরকম এক কীর্তি করে বসেছে। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে ধীরগতির ইনিংস খেলেছে আফ্রিকার ক্রেনসরা।
১৮.৪ ওভার ব্যাটিং করে ৪০ রানে অলআউট হয় উগান্ডা। এই ইনিংসে তাদের রান রেট ছিল ২.১৪। এর চেয়ে কম রান রেট টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নেই। উগান্ডা নিজেদের আগের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৯ রানে অলআউট হয়েছিল। ওই ইনিংসে অবশ্য তাদের রান রেট ছিল ৩.২৫। এক সপ্তাহ পর নিজেদের কীর্তিই নিজেরাই ভাঙলেন।
আজ ৪০ রানে অলআউট হয়ে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের কীর্তিতেও নিজেদের নাম লিখিয়েছেন উগান্ডার খেলোয়াড়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৩৯ রানের। এ কীর্তিতে উগান্ডার সঙ্গী নেদারল্যান্ডস। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে এ রানেই অলআউট হয়েছিলেন ডাচরা।
এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নিউজিল্যান্ড আসরের প্রথম জয় তুলে নেয় ৯ উইকেট আর ৮৮ বল হাতে রেখেই।
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে প্রোটিয়াদের কাছে ১ রানে হার নেপালের
জার্মানদের দাপটে লণ্ডভণ্ড স্কটল্যান্ড