লেবাননে যুদ্ধ চাপিয়ে দিলে ইসরায়েলের স্তম্ভগুলোকে নাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া লেবাননে আক্রমণ চালালে কোন সংযম এবং নিয়ম ছাড়াই যুদ্ধের হুমকি দিয়েছে গোষ্ঠীটি।
গতকাল বুধবার (১৯ জুন) টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই হুমকি দেন হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি হামলায় নিহত কমান্ডার তালেব আব্দুল্লাহর স্মরণে এই ভাষণ দেন তিনি।
ইসরায়েল কর্মকর্তারা হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য পরিকল্পনা অনুমোদনের পর এই মন্তব্য করলেন তিনি। খবর আল জাজিরার।
ভাষণে নাসরুল্লাহ বলেন, "শত্রু যা বলে এবং মধ্যস্থতাকারীরা যে হুমকি এবং সতর্কতা দেখায় সেগুলো আমাদের ভয় দেখায় না। বরং যুদ্ধ শুরু হলে ইসরায়েলের ভয় পাওয়া উচিৎ।‘
এছাড়া লেবাননের সাথে যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে স্থল বাহিনী পাঠাতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার, নাসরাল্লাহ হিজবুল্লাহর সামরিক সক্ষমতার উপর জোর দিয়ে বলেন যে তাদের গোষ্ঠীর কাছে নতুন নতুন অস্ত্র এসেছে এবং প্রচুর ড্রোন রয়েছে যা তারা স্থানীয়ভাবে তৈরি করে।
ভাষণে তিনি বলেন, ‘শত্রুরা ভালো করেই জানে যে আমরা সবচেয়ে কঠিন দিনগুলোর জন্য নিজেদের প্রস্তুত করেছি। যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না। হিজবুল্লাহ কোনো নিয়ম ছাড়া কোনো বাধা ছাড়া যুদ্ধ করবে। কোনো অংশ আমাদের রকেটের বাইরে থাকবে না।
এছাড়া প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল। তার মতে, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস দখলদার ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে।
এ সময় ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে জানিয়ে ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রাখা হবে বলেও জানান নাসরুল্লাহ। তিনি বলেন, “আমরা গাজাকে সমর্থন জানিয়ে যাব এবং আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। আমরা ভীত নই। আমাদের দাবি পরিষ্কার: গাজায় একটি সম্পূর্ণ স্থায়ী যুদ্ধবিরতি।”
গাজা যুদ্ধের শুরু থেকেই সীমান্তে সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল ও লেবাননভিত্তিক ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ। তবে সম্প্রতি দুই পক্ষের উত্তেজনা তুঙ্গে। প্রতিদিনই একে অপরের ওপর হামলার চালাচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ।
এরই প্রেক্ষিতে এবার লেবাননে যুদ্ধের অপারেশনাল পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েল। এরই প্রেক্ষিতে এই হুমকি দিল লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
