কানাডাকে হারিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা করেছে আর্জেন্টিনা। এই ম্যাচে লিওনেল মেসির সহায়তায় গোল পেয়েছেন লাউতারো মার্তিনেজ। এমনকি হুলিয়ান আলভারেজের গোলেও রয়েছে তার অবদান। তবে নিজে একটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি মেসি।
গোল না পেলেও এই ম্যাচে মাঠে নেমেই করেছেন একটি রেকর্ড। এ নিয়ে কোপার সাতটি আসরে খেলতে নামা মেসির এটি ছিল ৩৫তম ম্যাচ। পেছনে ফেলেছেন চিলির প্রয়াত গোলকিপার সার্জিও লিভিংস্টোনকে।
রেকর্ডটা প্রায় তিন বছর ধরে লিভিংস্টোনের সঙ্গে ভাগ করতে হচ্ছিল। কিন্তু খেলোয়াড়ের নাম যখন মেসি, তখন রেকর্ডটা তার হওয়ার সম্ভাবনাই বেশি। অবশেষে সেটাই হলো আজ সকালে।
আর্জেন্টিনা অধিনায়ক হয়ে গেলেন এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার। ১৯৪১ থেকে ১৯৫৩ সালের মধ্যে লিভিংস্টোন সাত আসর মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছিলেন।
