সাতক্ষীরার কলারোয়ায় আবারো দেখা মিলল ভয়ঙ্কর রাসেলস ভাইপারের। উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী বাজারের পাশে আজ শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে রাসেলস ভাইপারের সন্ধান পাওয়া যায়। পরে পিটিয়ে সাপটি মেরে ফেলে স্থানীয়রা। কলারোয়ার হিজলদী গ্রামটি ভারত সীমান্ত ঘেঁষা।
ওই গ্রামের মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মাঠে যান। ধানক্ষেতের পাশে সাপটি তিনি দেখতে পান। সে সময় তিনি আতঙ্ক হলেও আশপাশের লোকজনের সহায়তায় সাপের গতিবিধি লক্ষ্য করে কিছু দূর গিয়ে কৌশলে সাপটি মেরে ফেলতে সক্ষম হন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে সাপটি ভারতের সীমান্তে পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। কিছুদিন আগেও একই এলাকায় একজোড়া সাপের দেখা যায়। তবে মারা সম্ভব হয়নি।
এদিকে কয়েক মাস আগে পার্শ্ববর্তী সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালী গ্রামের ধান ক্ষেত থেকে একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মারে কৃষকরা। পরবর্তীতে পার্শ্ববর্তী একই এলাকায় আরো দুটি রাসেল ভাইপার সাপ দেখা যায়। পরে এলাকাবাসী তা মেরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণা করা হচ্ছে রাসেলস ভাইপার নামের এই বিষাক্ত সাপ বিশেষ করে ধানক্ষেতে আশ্রয় নেয়। কারণ এই দুই এলাকায় ছাড়াও আশপাশে যেখানে এই সাপের সন্ধান মিলেছে তার বেশিরভাগ পাওয়া গেছে ধান ক্ষেতে।
সিলেটে বন্যায় ৭ লাখ ৭২ হাজার শিশু ক্ষতিগ্রস্ত
মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে চিকিৎসকের মৃত্যু