আজ রাতে ঘুমাতে পারবেন না রশিদ খান, তবে অন্য কারণে...

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৩:৫৬ পিএম

সুপার এইটের সুপার দল অস্ট্রেলিয়া। বাংলাদেশকে হারিয়ে যারা ছিল আত্মবিশ্বাসের তুঙ্গে। তবে আজ সকালে নিমিষেই তাদের মাটিতে নামিয়ে আনল আফগানিস্তান। যে আফগানদের গত বছরের নভেম্বরে মুম্বাইয়ে কাঁদিয়েছিল অজিরা। গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে রশিদ খানদের নিশ্চিত জয় ছিনিয়ে নেয় প্যাট কামিন্সের দল।

আজ কিংসটাউনে ২১ রানে আফগানরা হারিয়েছে অজিদের। তাতে যেন বদলা নিয়েছে তারা ৭ মাস আগের সেই পরাজয়ের। ম্যাচ শেষে তাই আফগানিস্তান অধিনায়ক রশিদ খান জানালেন, এবার তিনি ভালোভাবে ঘুমাতে পারবেন।

সংবাদ সম্মেলনে এই বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমি এখন আরও ভাল ঘুমাতে পারি। কিন্তু সেই রাতটা আমাকে ঘুমাতে দেয়নি। খেলাটা বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমরা জয়ের দ্বারপ্রান্তে ছিলাম আর ম্যাক্সি সেই রাতে যেভাবে খেলেছে, সেটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি সারা রাত ঘুমাতে পারিনি।’

তিনি যোগ করেন, ‘মনে হচ্ছে আজ রাতেও আমি ঘুমাতে পারব না। কারণ পুরো দল অনেক খুশি। দল ও জাতি হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় জয়। সেটা উদযাপন করব রাত জেগে। এটা বিশ্বকাপের খেলা এবং বিশ্বকাপে আমরা সেরা দলকে হারিয়েছি। এটা অনেক বড় অর্জন। আর তারা ২০২১ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তাই এরকম একটা দলকে হারানো, আমার মনে হয় সবসময় আপনাকে অনেক গৌরবের। যে গৌরবের স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত