মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭০০ অভিবাসী আটক

  • আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমারের নাগরিক রয়েছে
  • মূলত অভিবাসী আইন লঙ্ঘনসহ নানা অপরাধে আটক করা হয়েছে এসব অভিবাসীদের
আপডেট : ২৪ জুন ২০২৪, ১২:৩২ পিএম

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্য থেকে ১৭০০ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মূলত অভিবাসী আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে এসব অভিবাসীদের। এদের মধ্যে বাংলাদেশি অভিবাসী ও রয়েছে।

স্থানীয় সময় রোববার বিকেলে সেলাঙ্গর রাজ্যের পোর্টক্লাং-এর বন্দর সুলতান সুলেমানের জালান সুলতান আব্দুল সামাদ ফ্ল্যাটের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এসব অভিবাসীদের আটক করা হয়।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা।

প্রতিবেদনে বলা হয়, আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমারের নাগরিক রয়েছে। তবে এদের মধ্যে মোট কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন বলেন, অবৈধ এসব অভিবাসীদেরকে ধরতে এই আবাসিক এলাকায় গত তিনমাস ধরে জিআইএম গোয়েন্দারা অভিযান চালিয়ে আসছিল।

তিনি জানান, আমরা বাসিন্দাদের কাছ থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিবাসীদের উপস্থিতির বিষয়ে অনেক অভিযোগ পেয়েছি। প্রাথমিক পরিদর্শনে দেখা গেছে যে তাদের মধ্যে কিছু অভিবাসীর বৈধ অনুমোদন নেই, সময় পার হওয়ার পরও অবস্থান করা এবং অভিবাসী আইন লঙ্ঘনের মত অভিযোগ রয়েছে।

খায়রুল আমিনুস জানান, জেনারেল অপারেশন টিম (পিজিএ), রয়্যাল ক্লাং সিটি কাউন্সিল (এমবিডিকে) এবং বিভিন্ন সংস্থার সহায়তায় সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ অভিযানটি পরিচালনা করে। অভিযানে অংশ নেন ২৯৮ জন সদস্য। অভিযান চালানোর আগে অপারেশন টিম আশেপাশের এলাকা ঘিরে রাখে।

আটকদের পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস। তিনি জানান, যেসব বিদেশি নাগরিকের বৈধতার জন্য ডকুমেন্টেশন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে তাদেরকেও আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত