বিদ্যুৎ বিল বকেয়া, লাইন কাটতে গিয়ে দৌড়ানি খেলেন দুই কর্মচারী

আপডেট : ২৪ জুন ২০২৪, ১০:০১ পিএম

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার কাটলীপাড়ায় বকেয়া বিল না দেওয়ায় এক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের দুই কর্মচারী।

সোমবার (২৪ জুন) পল্লী বিদ্যুতের দুই কর্মচারীকে রাম দা হাতে নিয়ে দৌড়ানি দেন বাক্কের ফকির ও তার ছেলে ফাহাদ ফকির।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাটলীপাড়া গ্রামের মৃত খোরশেদ আলম ফকিরের ছেলে বাক্কের ফকির নামের বিদ্যুৎ গ্রাহকের একটি মিটারের ৫ মাসের ৭ হাজার ১৯১ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। মোবাইল টিম গ্রাহকের সংযোগ লাইন বিচ্ছিন্ন করতে চাইলে বাক্কের ফকির বিল পরিশোধের জন্য টাকা না দিয়ে বরং বিছিন্ন কাজে বাধা দেন। একপর্যায়ে বাক্কের ফকির ও তার ছেলে ফাহাদ ধারালো রাম দা নিয়ে মোবাইল টিমের দুই সদস্যের দিকে তেড়ে আসেন। এ সময় ভয়ে পালিয়ে যায় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন। পরে নান্দাইল জোনাল বিদ্যুৎ অফিসের ডিজিএম বিপ্লব চন্দ্র সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ফয়জুর রহমানসহ পুলিশ ফোর্সের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে ওই গ্রাহকের বিদ্যুৎ মিটারের সংযোগ লাইন বিছিন্ন করেন।

নান্দাইল জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বিপ্লব চন্দ্র সরকার হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাক্কের ফকির নামের বিদ্যুৎ গ্রাহক বিরুদ্ধে এর আগেও একাধিকবার বকেয়া বিলের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। আমার অফিসের দুই কর্মচারীকে বিদ্যুৎ বিল তো দেবে না, আবার লাইন কাটতেও দেবে না। বরং রাম দাঁ দিয়ে দৌড়ানি দিয়েছে। ওই গ্রাহক আমার অফিসে এসে অসৌজন্যমূলক আচরণও করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় নান্দাইল বিদ্যুৎ গ্রাহক অধিকার পরিষদের নেতা জাকির হোসেন ভূইয়া, এ হান্নান আল আজাদ ও মো. সাইদুর রহমান উদ্বেগ প্রকাশ করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত