‘হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমাও’, ইসরায়েলকে পরামর্শ যুক্তরাষ্ট্রের

  • যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে এ পরামর্শ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
  • গাজার যুদ্ধের বিস্তার এড়ানো এবং কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন ব্লিংকেন
আপডেট : ২৫ জুন ২০২৪, ০৪:১৩ পিএম

গাজার জন্য দ্রুত যুদ্ধোত্তর পরিকল্পনা তৈরি এবং উত্তর সীমান্তে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে যুদ্ধে না জড়ানোর জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে পরামর্শ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দেশটির শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠকে বসলে এ পরামর্শ দেন ব্লিংকেন।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স।

গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পরদিন থেকেই সীমান্তে সংঘর্ষে লিপ্ত হয় হিজবুল্লাহ ও ইসরায়েল। সম্প্রতি এই উত্তেজনার পারদ বাড়ছে। দুইদেশ সমানতালে চালাচ্ছে হামলা-পাল্টা হামলা। আর তাই এবার ইসরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমানোর পরামর্শ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর।

রয়টার্স জানায়, বৈঠকের পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মতি প্রেস ব্রিফিংয়ে বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্লিংকেন গাজার যুদ্ধের আরও বিস্তার এড়ানো এবং কূটনৈতিক সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্ব আরোপ করেন। এ মূল লক্ষ্য হলো বাস্তুচ্যূত লেবাননী ও ইসরায়েলি পরিবারগুলো যাতে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারে।

এর আগে গত রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন যে, রাফাহতে হামাসের সাথে লড়াই শেষ পর্যায়ে। ইসরায়েলের সেনাবাহিনীকে এখন লেবাননের সাথে উত্তর সীমান্তে মোতায়েন করা হবে। এরপরই যুক্তরাষ্ট্র এ আহ্বান জানাল।

চলতি মাসের শুরুতে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলি শহর এবং সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য এখন পর্যন্ত সবচেয়ে বড় রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে। মূলত ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত সবচেয়ে সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পরে বেড়েছে দুই পক্ষের উত্তেজনা ও হামলা।

ওয়াশিংটন, ডিসিতে সফরে এসেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ সহযোগী আমোস হোচস্টেইন এবং ব্রেট ম্যাকগার্ক এবং সিআইএ পরিচালক বিল বার্নসের সাথেও দেখা করেছেন তিনি। মঙ্গলবার তিনি প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সাথে দেখা করবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত