সপ্তম শ্রেণির বইয়ে আলোচিত ‘শরীফ থেকে শরীফা’ হওয়ার গল্পের পর এবার নবম শ্রেণির ’জীবন ও জীবিকা’ বইয়ে অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের ঠিকানাযুক্ত কিউআর কোড সংযুক্ত করার বিষয়টি সামনে এসেছে। তবে এই বিষয়টি আগামী বছর ঠিক করা হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান ড. ফরহাদুল ইসলাম।
ড. ফরহাদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি আমাদেরও নজরে এসেছে। যেহেতু বইয়ে কিউআর কোডটি বসানো হয়েছে, তাই আর সংশোধন করার সুযোগ নেই। বই প্রস্তুত করার সময় কিউআর কোডটি সার্চ করে খেলাধুলার পোশাক সামগ্রীর ছবি পাওয়া যেত। কিন্তু এখন খেলাধুলার পোশোকের পরিবর্তে অন্যকিছু আসছে।
তিনি আরও বলেন, আগামী বছর থেকে আমরা একটি ফলস কিউআর কোড তৈরি করে বইয়ে সংযোজন করব।
দেখা গেছে, নবম শ্রেণির ’জীবন ও জীবিকা’ বইয়ে অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের ঠিকানাযুক্ত কিউআর কোড সংযুক্ত করা হয়েছে। জীবন ও জীবিকা বইটি রচনা ও সম্পাদনা করেছেন মো. মুরশীদ আকতার, মোসাম্মৎ খাদিজা ইয়াসমিন, হাসান তারেক খাঁন, মোহাম্মদ কবীর হোসেন, মো. সিফাতুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. তৌহিদুর রহমান, মো. মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ আবুল খায়ের ভূঁঞা। বইটির শিল্পনির্দেশনা মঞ্জুর আহমদ, চিত্রণ সুবীর মন্ডল, প্রচ্ছদ পরিকল্পনা মঞ্জুর আহমদ, প্রচ্ছদ প্রথমেশ দাশ পুলক, গ্রাফিক্স নূর-ই-ইলাহী ও কে. এম. ইউসুফ আলী।
বইটির ৩৮ নম্বর পেজে ‘ধাপ-৬: ব্যবসার ব্র্যান্ডিং, মার্কেটিং বা বিপণন পরিকল্পনা’ নামক অধ্যায়ে উদ্যোক্তা হিসেবে যাত্রার জন্য কীভাবে ব্যবসায় শুরু করতে সেটি উল্লেখ করা হয়েছে। তবে এই পেজে ‘চিত্র ২.১: বিভিন্ন মাধ্যমে পণ্যের বিজ্ঞাপনের নমুনা’র চিত্র তুলে ধরে সেখানে নিত্যদিন স্টোরের একটি ছবি দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, ভাইবার, লিংকডইন এবং পিনটারেস্টের লোগো দেওয়া হয়েছে। এই লোগো এবং নিত্যদিন স্টোরের মাঝখানে একটি কিউআর কোড সংযুক্ত করা হয়েছে যেটা স্ক্যান করলে ট্রাক্স (Trucss) নামক পর্তুগিজ একটি নারীদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। যেখানে এডাল্ট নারী মডেলরা অন্তর্বাস পরে সেটা বিক্রির জন্য বিজ্ঞাপন দেখানো হচ্ছে।
