প্রায় শেষ হয়ে এসেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের আসরে টিকে রয়েছে আর মাত্র চারটি দেশ। আগামীকালের দুই সেমিফাইনালে নির্ধারিত হবে কারা খেলবেন শনিবারের ফাইনাল। সেমিফাইনালের ম্যাচ পরিচালনায় কারা থাকছেন তা প্রকাশ করেছে আইসিসি।
প্রথম সেমিফাইনাল: দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান, ত্রিনিদাদ
প্রথম সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থকে। ইংলিশ এই আম্পায়ারকে মাঠে সঙ্গ দিবেন ভারতের নিতিন মেনন। ২৭ জুন ভোর সাড়ে ৬টার এ ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আরেক ইংলিশ রিচার্ড কেটেলবোরো।
ত্রিনিদাদে চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন পাকিস্তানের আহসান রাজা। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের প্রথম সেমিফাইনালটিতে ম্যাচ রেফারি থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।
দ্বিতীয় সেমিফাইনাল: ভারত বনাম ইংল্যান্ড, গায়ানা
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনালে যাওয়ার লড়াইয়ে অনফিল্ড দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। তাকে সঙ্গ দেবেন অস্ট্রেলিয়ান রডনি টাকার।
রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে টিভি আম্পায়ারের দায়িত্ব সামলাবেন ক্যারিবিয়ান জোয়েল উইলসন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচ রেফারির ভূমিকা পালন করবেন জিম্বাবুয়ের জেফরি ক্রো।
দুই সেমিফাইনাল মিলিয়ে আট দেশের ১০ জন ম্যাচ অফিসিয়াল পেয়েছেন দায়িত্ব। বার্বাডোজের ফাইনালে আম্পায়ার কারা থাকবেন, সেটি শেষ চারের ফলাফল এসে যাওয়ার পর জানাবে আইসিসি।
