মির্জা ফখরুলের বক্তব্য ঘিরে ঢাবির সিনেটে হট্টগোল

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৮:২৩ পিএম

‘বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামী লীগ সব অযোগ্যদের উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে হট্টগোলের ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ জুন) সন্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আয়োজিত বার্ষিক অধিবেশনে মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা প্রস্তাব জানান সিনেট সদস্য ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসেন। উপাচার্য সেটি গ্রহণ করেন। পরবর্তীতে এর প্রতিবাদ জানান বিএনপিপন্থী সিনেট সদস্য অধ্যাপক লুৎফর রহমান ও অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

অধ্যাপক মাহবুব হাসান বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে কথা বলতে পারেন না। জাতি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য অবদান রেখে চলেছে। আমি তার এই বক্তব্যের নিন্দা প্রস্তাব জানাচ্ছি।

নিন্দা প্রস্তাব গ্রহণ করে সিনেট চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, সেটা যে হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এমন কথা বলা উচিত নয়। এই নিন্দা প্রস্তাব রেকর্ড করা হলো।

প্রতিবাদে বিএনপিপন্থী সিনেট সদস্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, রাজনৈতিক বক্তৃতায় একজন রাজনীতিবিদ অনেক কথায় বলে থাকেন। সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে আলোচনা অমূলক, কেউ উপস্থাপন করে থাকলেও উপাচার্য মহোদয়ের সেটি আমলে নেওয়া উচিত নয়।

অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, তিনি একটি রাজনৈতিক অনুষ্ঠানে উপাচার্য নিয়োগ নিয়ে কথা বলেছেন তা ঠিক তবে উনি সব বিশ্ববিদ্যালয় নিয়েই কথা বলেছেন। উপাচার্যরা অনিয়ম দূর্নীতি করলে সেটা বলাও অমূলক নয়। এটি নিন্দা প্রস্তাব করার মতো কোনো বিষয় নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত