টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রশিদ খান। ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। অলআউট হয়ছে মাত্র ৫৬ রানে।
টি-টোয়েন্টিতে এটি আফগানিস্তানের সর্বনিম্ন রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও সর্বনিম্ন রানের রেকর্ড এটি। পুরুষ টি-টোয়েন্টির যে কোন নকআউট ম্যাচে সর্বনিম্ন সংগ্রহ।
ইনিংসের শুরুতে প্রোটিয়া পেসের কোনো জবাবই দিতে পারেনি রশিদ খানের দল। পাঁচ ওভারের মধ্যে ড্রেসিং রুমের পথ ধরেন পাঁচ ব্যাটসম্যান। পাওয়ার প্লের ৬ ওভার শেষে আফগানরা তোলে ৫ উইকেটে ২৮ রান।
সেই বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। ১০ ওভার শেষে দলীয় ৫০ রানে ৮ উইকেট হারায় তারা।
আজমতউল্লাহ ওমরজাই বাদে আর কেউ দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। ওমরজাই ২ চারে ১২ বলে ১০ রান করেন।
দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত থেকে (১৩)।
দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেন৷ শুরুতে ৩ ওভারের স্পেলে ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট। রাবাদা ও নিরখিয়া ২টি করে উইকেট নেন। বাম হাতি স্পিনার তাবরেজ শামসি নেন ৬ রানে ৩ উইকেট।
