বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের ম্যাচ শেষ করে হোটেলে যেতে স্থানীয় সময় রাত ৩ টা বেজেছিল আফগানিস্তানের। সকাল ৮টায় হোটেল ছেড়ে আবার বিমানবন্দরে ছোটেন আফগানিস্তান দল। চার ঘন্টা ফ্লাইট বিলম্বে দেরিতে পৌঁছান ত্রিনিদাদে।
টসের সময় অধিনায়ক রাশিদ খান বলেন, পর্যাপ্ত ঘুমাতে পারেননি তারা। সেমি-ফাইনালে হেরে যাওয়ার পর সেই ক্লান্তির কথা বললেন আফগানিস্তান কোচ জোনাথন ট্রট। উইকেট নিয়েও আপত্তি তুলেছেন।
সেমিফাইনালে আফগানিস্তান ১১.৫ ওভারে অলআউট হয় ৫৬ রানে। সংবাদ সম্মেলনে ট্রটের কাছে প্রশ্ন করা হয় উইকেট নিয়ে।
উত্তরে ট্রট বলেন, 'আমি নিজেকে বিপদে ফেলতে চাই না। ‘আঙুর ফল টক’ এই ধরনের কোনো অনুভুতিও চাই না। তবে ব্যাপারটি হলো, এই ধরনের পিচে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ কাম্য নয়, প্লেইন অ্যান্ড সিম্পল। লড়াইটা ন্যায্য হওয়া উচিত।'
ত্রিনিদাদে সেমির উইকেট নিয়ে ট্রট আরও বলেন, 'এমন বলছি না যে, পিচে কোনো স্পিন ধরবে না বা সিম মুভমেন্ট থাকবে না। তবে ফরোয়ার্ড খেলতে গেলে ব্যাটসম্যানরা ভয়ে থাকবে যে, বল মাথার ওপর দিয়ে উড়ে যেতে পারে, এমন কিছুও হওয়া উচিত নয়।'
সুপার এইট পর্বে সবশেষ ম্যাচটি ছিল আফগানিস্তানের বাংলাদেশের বিপক্ষে। আবার প্রথম সেমিফাইনালেই মাঠে নামতে হয়েছে আফগানদের। তাই বিশ্রামের সুযোগ পাননি তারা।
ট্রট বিষয়টি সামনে আনলেও সেটিকে অযুহাত হিসাবে মানতে নারাজ। '(সুপার এইট) শেষ ম্যাচ খেলার পর প্রথম সেমিফাইনাল খেলাটা আদর্শ কিছু নয় অবশ্যই। তার পর ভ্রমণ ছিল, সত্যিকার অর্থে কোনো অফ ডে ছিল না। তবে সূচি আমরা জানতাম, তাই এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না।'
সেমিফাইনালে হারলেও দলের এই পর্যন্ত আসায় খুশি ট্রট। ট্রট বললেন, এবারের শিক্ষা তারা কাজে লাগাবেন সামনে। 'ছেলেদের নিয়ে আমি গর্বিত। আজকের পারফরম্যান্স তাদের গোটা টুর্নামেন্টের পরিচায়ক নয়। তবে এটা আমাদেরকে এটুকু বলে দিচ্ছে যে, কোথায় কাজ করতে হবে এবং কোথায় আরও ভালো হতে হবে।'
সেমিফাইনালে সর্বনিম্ন ৫৬ রানে অলআউট আফগানিস্তান
মিনডার গোলকে তুলনা করা হচ্ছে ম্যারাডোনার সেই গোলের সঙ্গে
আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সি পেয়ে স্বপ্ন পূরণ নতুন ম্যারাডোনার