টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই যাত্রা শেষ হয়েছে অস্ট্রেলিয়ার। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন ডেভিড ওয়ার্নার। তাতে করে সাদা বলের ক্রিকেটে ট্রাভিসের হেডের নতুন একজন সঙ্গী খুঁজতে হবে অজিদের। তবে বিদায়ী ওপেনার ওয়ার্নার জ্যাক ফ্রেজার ম্যাগার্ককে তার জায়গায় দেখতে চান বলে জানিয়েছেন।
ওয়ার্নার বিশ্বাস করেন, ২২ বছর এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার হয়ে সাদা বলে ওপেনিংয়ের দায়িত্বটা ভালোভাবেই সামলাতে পারবেন। পাশাপাশি টেস্ট দলেও তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে মনে করেন তিনি।
ওয়ার্নার ম্যাগার্কের পরামর্শদাতা হয়ে উঠেছেন যেন। এই জুটি আইপিএলে একসাথে অনেক সময় কাটিয়েছেন, যেখানে তারা দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন এবং সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ফ্রেজার-ম্যাগার্ক ট্রাভেল রিজার্ভ হিসাবে ছিলেন।
অস্ট্রেলিয়া সুপার এইট থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ারেরও সমাপ্তি ঘটে। আর তার প্রস্থান মানে ওপেনিংয়ে নতুন সংযোজন। বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ও ম্যাগার্কের একটি ছবি পোস্ট করে ওয়ার্নার লিখেছেন, ‘অল ইওরস নাউ চ্যাম্পিয়ন।’
দলের বিদায়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়ার্নার টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ওপেনার হিসেবে ফ্রেজার-ম্যাকগার্কের কৃতিত্বকে সমর্থন করেন।
নিউজ কর্প ও ক্রিকেট ডট কম এইউকে ওয়ার্নার বলেন, ‘আমি বিশ্বাস করি এই দায়িত্বটা সে ভালোভাবেই সামলাতে পারবে। ওয়ানডেতে হয়তো তার শুরুটা আমার মতো হতে পারে। ৭ ম্যাচ খেলেই আমি বাদ পড়েছিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম না ৫০ ওভারের ক্রিকেটটা কি করে খেলতে হয়। টি-টোয়েন্টি থেকেই এটা আমি শিখেছি। সুতরাং ওয়ানডে দৃষ্টিকোণ থেকে যদি সে এটা শেখে এবং বুঝতে পারে যে তার দুর্দান্ত ক্যারিয়ার হবে, বিশেষ করে বিশ্বের সেরা উইকেটে অস্ট্রেলিয়ায় ব্যাটিং।’
ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা ফ্রেজার-ম্যাকগার্ক জোড়া ইনিংস মিলিয়ে ২৩ বলে ৫১ রান করেছেন এবং মৌসুমের শুরুতে মার্শ কাপে ২৯ বলে ওয়ানডে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছিলেন, সেপ্টেম্বরে স্কটল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য অস্ট্রেলিয়া দলে তাকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
সাদা বলে আত্মবিশ্বাসী হলে লাল বলে নিজেই নিজের সম্ভাবনা দেখছেন না ম্যাগার্ক। শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে মৌসুমের শুরুতে ৬ নম্বরে নেমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন, তবে পরের চার ইনিংসে ১৯ রান তুলেন।
এ বিষয়ে তিনি নিজেই আনপ্লেয়েবল পডকাস্টকে ম্যাগার্কই জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে দায়িত্বটা তিনি সামলাতে পারবেন না।
