তৌসিফের এক নাটকের বাজেট ৩৫ লাখ!

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৩:২৪ পিএম

অবশেষে মুক্তি পাচ্ছে তৌসিফ মাহবুবের বহুল প্রতীক্ষিত নাটক ‘রূপকথা’।  জাকারিয়া সৌখিন পরিচালিত এই নাটকটি নাটকের ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক বাজেটে নির্মিত। 

নির্মাতা সংশ্লিষ্টদের দাবি, এর বাজেট ৩৫ লাখেরও বেশি, যা এর আগে কখনও হয়নি। একদম সিনেমাটিক আয়োজনে সিনেমার মতো এটি নির্মাণ করা হয়েছে বলে এটিকে সিনেমা-ই বলতে চান পরিচালক। 

এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব এই কাজটির জন্য নিজের সর্বোচ্চ পরিশ্রম করেছেন বলে জানান। অভিনেতা আশা করেন, এটি তার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে।

জনপ্রিয় এই তারকা বলেন, এবার ঈদে যে কয়েকটা কাজ করেছি সেগুলো থেকে অনেক ভালো সাড়া পেয়েছি, এরমধ্যে একটা নাটক তো এখনও ট্রেন্ডিংয়ে। কিন্তু ‘রূপকথা’ কাজটির জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। 'অল টাইম দৌড়ের উপর' এর পর আর কোনো কাজ নিয়ে এতটা এক্সাইটেড ছিলাম না, এমনকি এতটা পরিশ্রমও করিনি। টানা ১৩ দিন শুট করেছি। এমনও হয়েছে কাজটা ভালো করার জন্য তিন দিন আগেই আমি লোকেশনে চলে গিয়েছিলাম যেন কোন কমতি না হয়। 

অভিনেতা বলেন, কাজটা ভালো করতে যতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন তার চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করেছি। এমনকি, ১৩ দিন শুট করলেও সাধারণত রেগুলার নাটকের জন্য যে পারিশ্রমিক নেই তার চেয়েও কম পারিশ্রমিক নিয়েছি। চেয়েছি আমার পারিশ্রমিকের ওই বাজেটটাও যেন মূল কাজে ব্যবহার হয়। চেষ্টার কমতি রাখিনি। অনেক আশাবাদী আমি, বাকিটা দর্শক দেখার পরই বলুক।

নাটকটির বাজেট প্রসঙ্গে দেশ রূপান্তরকে তৌসিফ মাহবুব বলেন, সুন্দরভাবে একটা গল্প বলার জন্য মাল্টিপল লোকেশন যেমন বাগেরহাট, কক্সবাজার, ঢাকায় মিলিয়ে ১৩ দিন শুট হয়েছে এটার। বাজেট বেশ ভালোই গিয়েছে, পয়ত্রিশ লাখ তো হবেই। এখনও পেমেন্ট কিছু বাকি আছে, সেটা যোগ করলে ৩৫ পেরিয়ে যাবে।

গল্পের রূপকথার মতো প্রেম এখন আর পর্দায় দেখা না গেলেও ঠিক সেরকম প্রেমের গল্পেই নির্মিত হয়েছে ‘রূপকথা’। এতে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কেয়া পায়েল।

আজ শুক্রবার (২৮ জুন) এটি উন্মুক্ত হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের সিএমভির চ্যানেলে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত