জঙ্গি ঘনিষ্ঠতার অভিযোগে নিষিদ্ধ পাকিস্তানি ব্যবসায়ী রেহান সিদ্দিকির আমন্ত্রণে সাড়া দিয়ে বেশ তোপের মুখে পড়েছেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। আইএসআইয়ের সঙ্গে যোগসূত্র থাকায় ভারতে নিষিদ্ধ হওয়া সেই ব্যক্তির এক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে যোগ দেওয়ার কথা অভিনেত্রীর। আর তাতেই বিতর্কে জড়ালেন মাধুরী।
ভারতীয় গণমাধ্যম বলছে, নিষিদ্ধ রেহান বর্তমানে টেক্সাসের হিউস্টনে থাকেন। চলতি বছরের আগস্ট মাসে সেখানেই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি, যেখানে যোগ দেওয়ার কথা মাধুরীর। সেই খবরটি সামনে আসতেই বিতর্ক শুরু হয়।
রাজনৈতিক ভাষ্যকার তথা কলামনিস্ট সুনন্দা বশিষ্ঠ সেই খবর শেয়ার করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। অনুষ্ঠানটির পোস্টার পোস্ট করে তিনি লিখেছেন, দেখে হতবাক হচ্ছি যে পাকিস্তানী প্রমোটার, ভারতীয় গোয়েন্দা সংস্থা যাকে খুঁজছে, যে ভারতে নিষিদ্ধ, হিউস্টনের ব্ল্যাকলিস্টেড ব্যবসায়ী এমনকী বলিউড তারকাদেরও তার সঙ্গে কাজ করা নিষিদ্ধ ঘোষণা হয়েছে, সেখানে মাধুরী ওই ব্যক্তির সঙ্গে কেন কাজ করছেন? অভিনেত্রী নিজে কিংবা তার পরিবারের কি কেউ এই বিষয়ে আলোকপাত করতে পারবেন? আশা করি তিনি ওই অনুষ্ঠানে যোগ দেবেন না।
সেই পোস্টে মাধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। একবাক্যে সকলেই তাকে ওই অনুষ্ঠান বয়কট করার আর্জি জানিয়েছেন। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কোনওরকম প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।
হিট নেই, তবুও টাইগারের পারিশ্রমিক ১৬৫ কোটি!
এবার বলিউডে আরিফিন শুভ, নায়িকা সৌরসেনী!