একজন শিক্ষক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দুটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় অনুরোধ করা হয়। অনুরোধের একমাস পার হলেও ঐ শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। প্রশাসনের কর্মকর্তারা জানেনও না ওই শিক্ষক কে? তথ্য সংগ্রহ করতে গেলে সাহায্য চাইলেন সাংবাদিকের কাছে। তথ্য সংগ্রহ করে জানাতে বললেন দুই তর্মকর্তা।
দৈনিক দেশ রূপান্তরের অনুসন্ধানে দেখা যায়, ইফতেখার হোসেন পাভেল নামে একজন সরকারী শিক্ষক হকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ২০২৩ সালের অক্টোবর মাসের এক তারিখ থেকে তিনি একই সাথে সুন্দরপুর এসআর উচ্চ বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক হিসেবে নিয়োাগ পেয়ে চাকরি করছেন। তিনি হকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও নিয়মিত তার হাজিরা দেখা যায় এবং বেতনও তোলেন। দুই মাস সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে কাজ করার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। পরে ফিরে যান পূর্বের প্রতিষ্ঠান হকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরই মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে এমপিওভুক্তিও পেয়ে যান। একইভাবে ২০২০ সালে তিনি সোনাগাজী আমিরাবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন মাস চাকরি করেন।
ইফতেখার হোসেন পাভেল একই সাথে দুটি প্রতিষ্ঠানে চাকরির কথা স্বীকার করে সুন্দরপুর এসআর উচ্চ বিদ্যালয় থেকে দুই মাসের বেতন পাননি বলে জানান। হকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত না থেকেও কিভাবে নিয়মিত বেতন পেলেন তার কোনও সদুত্তর দিতে পারেননি। সুন্দরপুর এসআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন এমপিও বাতিলের জন্য আবেদন করেছেন।
হকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন ও সভাপতি মাইনউদ্দিন পাটোয়ারী এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। প্রধান শিক্ষক বলেন, তার চাচার মৃত্যুজনিত কারণে ৫ দিনের ছুটি নিয়েছিলেন। এ ছাড়া নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত ছিলেন তিনি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তারা উল্টো এ প্রতিবেদকের কাছে বিস্তারিত জানতে চান। বিস্তারিত জানানো হলে তারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার
চারদিনে ৫০০ কোটি ছাড়িয়ে ‘কাল্কি’
শাকিবকে যারা অপমান করে বুবলী তাদের সাথেই কাজ করেন