বিশ্বকাপ জিতে ১২৫ কোটি রুপি পুরস্কার পাচ্ছে ভারতীয় দল

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৩:৩৩ পিএম

দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইসিসির বৈশ্বিক কোনো শিরোপা জিতেছে ভারত। টি-টুয়েন্টি বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে তারা হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ২০০৭ সালের পর এই প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ে রোহিত শর্মাদের পুরস্কারে ভরিয়ে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিশ্বকাপজয়ী দলের জন্য ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেন বিসিসিআই সচিব জয় শাহ, “আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতীয় দলের জন্য ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। টুর্নামেন্টজুড়ে এই দলটি ব্যতিক্রমী প্রতিভা, দৃঢ়তা ও স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে। ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফের সবাইকে অসামান্য অর্জনের জন্য অভিনন্দন।”

চ্যাম্পিয়ন হওয়ায় আইসিসি থেকে ২৪ লাখ ৫০ হাজার ডলার প্রাইজ মানি পাচ্ছে ভারত। এর সঙ্গে সুপার এইট পর্যন্ত ৬টি ম্যাচ জয়ের জন্য তারা আরও ১ লাখ ৮৬ হাজার ৯২৪ ডলার পাবে। আইসিসি এবং বিসিসিআই মিলিয়ে প্রায় দেড়শ কোটি রুপি পুরস্কার পাবেন রোহিত শর্মারা। অন্যদিকে টুর্নামেন্টে রানার্সআপ হয়ে ১২ লাখ ৮০ হাজার ডলার অর্থ পুরস্কার পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত