এয়ার পাইলট আনতুম নাকভির ক্রিকেটার হয়ে ওঠা 

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৯:৫৪ পিএম

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়ে দলে চমক আনতুম নাকভি। গত সপ্তায় জিম্বাবুয়ের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা লোগান কাপে অপরাজিত ৩০০ রানের ইনিংস দিয়ে হৈচৈ ফেলা দেয়া নাকভি অভিবাসী হিসেবে জায়গা করে নিয়েছেন। 

বেলজিয়ামে পাকিস্তান বংশোদ্ভুত বাবা-মার সন্তান মাত্র ৪ বছর বয়সে চলে যান অস্ট্রেলিয়া। 'টপ গান' মুভির টম ক্রুজকে দেখে এয়ারবাস ৩৮০-এর পাইলট হওয়ার স্বপ্ন দেখতে থাকা নাকভি পেশাদার পাইলটের লাইসেন্স গ্রহণ করেন। আবার ক্রিকেটের প্রতি নেশাও ছিল তার। সিডনিতে বয়সভিত্তিক দলে খেলার সময় রিকি পন্টিং হয়ে অস্ট্রেলিয়া দলে খেলার স্বপ্নও দেখা শুরু করেন। 

তবে তার জীবনের মোড় ঘুরিয়ে দেন জিম্বাবুয়ের হয়ে ক্রিকেট খেলা সলোমান মায়ার। এই ক্রিকেটারের পরামর্শে তিনি জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেন। আবেদন করে রাখেন জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করার। এর মাঝেই লোগান কাপে রাইনোকে নেতৃত্ব দেন নাকভি। ৫ ম্যাচে করেন তিন সেঞ্চুরি। এরপর লিস্ট 'এ' ক্রিকেটেও করেন তিন সেঞ্চুরি, যা তাকে জিম্বাবুয়ে জাতীয় দলে খেলার সুযোগ করে দেয়। ক্রিকেটিং আইডল সিকান্দার রাজার পথ অনুসরণ করে সিকান্দার রাজারই দলে ২৪ বছর বয়সী আনতুম নাকভি। 
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত