‘বুমরাহ কোহিনূর হীরার চেয়েও মূল্যবান’

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৩:৩৯ পিএম

ভারতে পাওয়া কোহিনূর হীরা এখন ব্রিটিশদের দখলে আছে। তবে কোহিনূরের চেয়েও দামী এক হীরা আছে ভারতের। তিনি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক জসপ্রিত বুমরাহ। সদ্য সমাপ্ত বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়া বুমরাহকে এভাবেই প্রশংসা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক।

গত কয়েক বছর ধরেই ভারতের পেস আক্রমণের নেতৃত্বে থাকা বুমরাহ এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। বোলিং গড় ৮.২৬ এবং ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৪.১৭! প্রতিটি ম্যাচেই তিনি ব্যাটারদের নাভিশ্বাস তুলে ছেড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে দলের শিরোপাজয়ে অবদান রাখেন।

‘ক্রিকবাজ’-এর আলোচনায় দিনেশ কার্তিক বলেন, “আমি যখন ধারাভাষ্য দিচ্ছিলাম, তখন বলেছিলাম বুমরাহ কোহিনূর হীরার চেয়েও মূল্যবান। সত্যিকার অর্থেই, এই মুহূর্তে সব সংস্করণ মিলিয়ে বিশ্বের সেরা বোলার সে। চাপের মধ্যে সে বারবার একইরকম পারফর্ম করে যাচ্ছে। খুব বেশি লোকে এটা পারে না। যেকোনো অধিনায়কের স্বপ্নের বোলার। যে কোনো অবস্থা থেকে তার ম্যাচ জেতানোর ক্ষমতা আছে। এটিই তাকে এত স্পেশাল করে তুলেছে। অসাধারণ, দুর্দান্ত- এসব শব্দ তার জন্যই।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত