রূপকথা দেখে দর্শক বলছে ‘মন ছুঁয়ে গেল’ 

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৩:৩৬ পিএম

ঈদ উৎসবের শেষান্তে এসে উন্মুক্ত হয়েছে জাকারিয়া সৌখিন পরিচালিত নাটক ‘রূপকথা’। রোমান্টিক স্যাড ঘরানার এই নাটকটি মুক্তির পর দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। শত মিনিটের এই নাটকটি মুক্তির চার দিনে দেখেছেন ৩১ লাখেরও বেশি দর্শক।

তৌসিফ মাহবুব ও কেয়া অভিনীত এই নাটকটি এখন পর্যন্ত সর্বাধিক বাজেটে নির্মিত। নাটকটির ব্যাপ্তি অনেক বেশি হলেও সেটি দর্শকেরা দেখছেন বলে জানান এর নির্মাতা। এছাড়াও অন্তর্জালে দেখা মিলছে ইতিবাচক রিভিউ ও প্রশংসা।

ইউটিউবে একজন মন্তব্যের ঘরে লিখেন, ‘রূপকথা দেখে চোখের পানি ধরে রাখা গেলো না, এক অনন্য সৃষ্টি সৌখিন ভাইয়ের। নাটক জুড়ে তৌসিফ ভাইয়ের মুগ্ধ করা অভিনয়। নজর কাড়া লোকেশন, গানও বেশ।নাটকের রেশ সহজে কাটবে না।’

আরেকজন লিখেন, ‘মন ছুঁয়ে গেল এতো সুন্দর একটা নাটক দেখে, প্রশংসা করার মতো ভাষা নেই।’

আরও একজন লিখেন, ‘পরিচালক চাইলেই নাটকটার হ্যাপি এন্ডিং করতে পারতো। যদি করতো তাহলে আজ চোখের পানির জায়গায় মুখের হাসিটা থাকতো।’

পরিচালক বললেন, ‘ব্যাপ্তি অনেক বড় হলেও কাজটি দর্শকেরা দেখছেন, পছন্দ করছেন। এখন পর্যন্ত সব ইতিবাচক রিভিউ পাচ্ছি। এটা হুট করে অনেক ভিউ হবার মতো কনটেন্ট না, এটা ধীরগতিতে এগোবে যেমনটা হয়েছিল ‘উড়াল পাখি’র সময়। যা সাড়া পাচ্ছি তাতে ভীষণ খুশি আমি।’

অভিনেতা তৌসিফ মাহবুব নাটকটির সাড়ায় বেশ উচ্ছ্বসিত। বললেন, ‘এখন পর্যন্ত অনেক ভালো রেসপন্স পাচ্ছি। যারা দেখেছেন তারা অনেক প্রশংসা করেছেন। মনে হচ্ছে, কাজটির জন্য যেই পরিশ্রম করেছি সেটা সার্থক হয়েছে। দর্শকদের প্রতি অনেক অনেক ভালোবাসা।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত