চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১০:০১ পিএম

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে আইসিসির অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসর হওয়ার কথা রয়েছে। সেই টুর্নামেন্টের একটি সম্ভাব্য সূচী আইসিসিকে পাঠিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূচিতে বাংলাদেশকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে। ‘বি’ গ্রুপে রাখা হয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তানকে। 

আগামী ১ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ রেখেছে পিসিবি। এ নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, লাহোরে সেই ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও পাকিস্তানের সেই ইচ্ছা আদৌ পূরণ হবে কিনা, তা ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপরই নির্ভর করছে। কারণ ভারত আদৌ এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে কিনা তা নিশ্চিত নয়। 

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সুরক্ষাজনিত কারণে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে। এই ভেন্যুতে হবে মোট সাতটি ম্যাচ। উদ্বোধনী ম্যাচসহ করাচিতে রাখা হয়েছে তিনটি ম্যাচ। রাওয়ালপিণ্ডিতে পাঁচটি ম্যাচ রাখা হয়েছে। করাচিত হবে একটি সেমিফাইনাল, পিন্ডিতে অন্যটি। তবে ফাইনাল হবে লাহোরে। ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলে সে ম্যাচটিও হবে লাহোরে। 

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ মার্চের ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে পরদিন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত